গুলিতে পা হারানো লিমন বিচার চাইলেন ট্রাইব্যুনালে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৩১ এএম

ঝালকাঠির রাজাপুরে ১৩ বছরের বেশি সময় আগে র‌্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন এবার বিচার চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গতকাল মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দাখিল করেন তিনি। গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, র‌্যাব-৮-এর তৎকালীন প্রধান মেজর রাশেদ, বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন তিনি। র‌্যাবকে একটি ‘সন্ত্রাসী’ সংগঠন উল্লেখ করে এ বাহিনীর বিলুপ্তির দাবি জানান লিমন।

২০১১ সালের ২৩ মার্চ রাজাপুরের সাতুরিয়া গ্রামে বরিশাল র‌্যাব-৮-এর সদস্যরা লিমনের পায়ে গুলি করে। র‌্যাবের পক্ষ থেকে তখন বলা হয়, কলেজছাত্র লিমন দুর্র্ধর্ষ সন্ত্রাসী মোর্শেদ জমাদ্দারের সহযোগী। মোর্শেদকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় লিমন গুলিবিদ্ধ হন। লিমনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে র‌্যাব। ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন লিমনের বাম পা, হাঁটু থেকে কেটে ফেলতে হয়। সে বছর তার এইচএসসি পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। ওই বছরের ৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে র‌্যাবের নিষ্ঠুরতা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর জানা যায় লিমনকে গুলি করে পঙ্গু করে র‌্যাব। কলেজছাত্র লিমনকে গুলির ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়। নিন্দার ঝড় ওঠে। দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা পঙ্গু লিমনের পাশে দাঁড়ান। মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন। র‌্যাবের বিরুদ্ধে বিচারের দাবি উঠে দেশ জুড়ে।

এ ঘটনায় লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে ২০১১ সালের ১০ এপ্রিল ঝালকাঠির আদালতে র‌্যাবের কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা করেন। তবে, সেই মামলার তদন্ত এখনো শেষ হয়নি। পা হারানো লিমন ২০১৩ সালে এইচএসসি পাস করেন। এরপর ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠিত গণ বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে আইন বিষয়ে স্নাতক এবং ২০১৯ সালে স্নাতকোত্তর (এলএলএম) সম্পন্ন করেন। ২০২০ সালে তিনি একই বিশ^বিদ্যালয়ের আইন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।

লিমন সাংবাদিকদের বলেন, ‘ন্যায়বিচারের জন্য ১৩ বছরে অনেক আকুতি-মিনতি করেছিলাম। কিন্তু ন্যায়বিচার তো পাইনি, বরং আমাদের পরিবারকে অনেক ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। আমি এই ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছি ন্যায়বিচারের জন্য। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার করতে হবে।’

লিমন আরও বলেন, ‘র‌্যাব একটি সন্ত্রাসী সংগঠন নামে দিন দিন পরিচিতি পাচ্ছে। র‌্যাবের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সাত খুনসহ চাঁদাবাজি, গুম, খুনের অজস্র অভিযোগ আছে। র‌্যাব যেহেতু একটি সন্ত্রাসী সংগঠন, তাই র‌্যাবের বিলুপ্তি দাবি করছি।’ তিনি বলেন, ‘যেহেতু আমি র‌্যাবের মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছি, তাই যারা দোষী, তাদের শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমার ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত