পরিবেশ উপদেষ্টা বললেন

হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিতে পরিকল্পনা করা হচ্ছে

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৭:২২ এএম

বন্যহাতির সুরক্ষায় হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, চট্টগ্রামের কেইপিজেড এলাকায় হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে আরও পাঁচটি এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করা হবে। গতকাল বুধবার সচিবালয়ে আয়োজিত এক সভায় উপদেষ্টা এ সব কথা বলেন। সভায় চট্টগ্রামের কেইপিজেড ও আশপাশের এলাকায় হাতির সুরক্ষা এবং মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে বিশেষজ্ঞ কমিটির অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পরিবেশ উপদেষ্টা বলেন, হাতির চলাচলের পথ বিশ্লেষণ করে বিভিন্ন জোন চিহ্নিত করতে হবে। কোরিয়ান ইপিজেড, বন বিভাগ, আইইউসিএন, জেলা প্রশাসন ও বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করবে। আরও পাঁচটি এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করা হবে, যাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

অন্যদিকে, রাজধানীর হোটেল শেরাটনে ‘বাংলাদেশ-আমেরিকা মৈত্রী প্রকল্পে প্রথম অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা, শিশু অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে বেসরকারি সংস্থাগুলোকে কাজ করতে হবে। সবাইকে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য মূল্যবোধের ওপর ভিত্তি করে এগিয়ে আসতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত