ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী বাজারের কৃষি ব্যাংকের শাখার ম্যানেজার মোহাম্মদ মাহাবুবুর রহমানকে মারধর করে ব্যাংক ভল্টের চাবি ছিনতাই করার অভিযোগ উঠেছে। গত বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনাটি ঘটে। ঘটনার দিন রাতেই ওই ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
সোহাগী বাজারের কৃষি ব্যাংক শাখার ম্যানেজার মোহাম্মদ মাহাবুবুর রহমান জানান, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় ব্যাংকের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে গৌরীপুরের ভবানীপুর এলাকায় পৌঁছালে ৬ থেকে ৭ সদস্যের একটি সংঘবদ্ধ দল তার পথরোধ করে মারধর শুরু করে। এ সময় সঙ্গে থাকা ব্যাংক ভল্টের চাবিসহ সবকিছু নিয়ে যায়। মারধরে অংশ নেওয়া দুই যুবককে তিনি চিনতে পেরেছেন ওই ব্যাংক কর্মকর্তা। তারা হচ্ছেন সোহাগী ইউনিয়নের দড়িবড়ভাগ গ্রামের সাদেক মিয়ার ছেলে নাহিদ হাসান রাসেল (২৪) ও দরিবৃ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আজিজুল হক (২২)।
মোহাম্মদ মাহবুবুর রহমান আরও জানান, ওই দুই যুবক কিছুদিন আগে ব্যাংক থেকে ঋণের জন্য আবেদন করে ছিলেন। সেই ঋণের আবেদন যাচাই বাছাই করে ঋণ আবেদন না মঞ্জুর করা হয়। পরে বিষয়টি নিয়ে যুবকরা ম্যানেজারকে চাপ প্রয়োগ করে। চাপের পরেও ম্যানেজার ঋণ দিতে অস্বীকৃতি জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হুমকি দিয়ে ব্যাংক ত্যাগ করে। পরে বুধবার সন্ধ্যায় বাসায় যাওয়ার সময় তিনি মারধর ও ছিনতাইয়ের শিকার হন। বিষয়টি নিয়ে ঘটনার দিন রাতেই নিয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ দিকে এমন খবর পেয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ঘটনাস্থলে আসেন বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনিসংহ উত্তর জেলা শাখার ডিজিএম মো. কামরুল হাসান। তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আনোয়ার বলেন, ব্যাংক ম্যানেজারকে মারধরের ঘটনায় মাহাবুবুর রহমান বাদী হয়ে দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ব্যাংক লকারের চাবি ছিনতাইয়ের ঘটনা শুনে তাৎক্ষণিক ব্যাংকের ওই শাখায় পুলিশ পাঠিয়ে দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছিনতাইকৃত ভল্টের চাবিসহ ম্যানেজারের ব্যাগটি উদ্ধার করা হয়েছে।
গুলশান থেকে নিখোঁজ শিল্পপতি, রূপগঞ্জে মিলল ৭ টুকরো লাশ
সচিবালয়ে যাচ্ছেন আহতদের ২০ প্রতিনিধি 