সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছে বিদ্যুৎ বিক্রি থেকে আয় বেড়েছে। পাশাপাশি কমেছে উৎপাদনব্যয়। এতে করেই চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (ইউপিজিডিসিএল) নিট মুনাফা বেড়েছে ১২৭ শতাংশের বেশি। আলোচিত সময়ে কোম্পানিটির বিদেশি মুদ্রাবিনিময়ে লোকসানও উল্লেখযোগ্য হারে কমেছে।
গতকাল ইউপিজিডিসিএলের প্রকাশিত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় মুনাফার এমন তথ্য মিলেছে। পর্যালোচনায় দেখা গেছে, চলতি ২০২৪-২৫ হিসাববছরের প্রথম প্রান্তিকে সরকারি-বেসরকারি খাতে বিদ্যুৎ বিক্রি করে কোম্পানিটির সমন্বিত আয় বেড়েছে ১১ দশমিক ৬ শতাংশ। এ সময় উৎপাদিত বিদ্যুৎ বিক্রি থেকে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ১ হাজার ১৪৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ২৬ কোটি টাকা। আয় বৃদ্ধির পাশাপাশি ইউনাইটেড পাওয়ারের বিদ্যুৎ উৎপাদনব্যয় উল্টো কমে গেছে, যা নিট মুনাফায় উল্লম্ফনে প্রধান ভূমিকা রেখেছে।
চলতি প্রথম প্রান্তিকে বিদ্যুৎ উৎপাদনে ইউনাইটেড পাওয়ারের ব্যয় হয়েছে মোট বিক্রির ৬০ দশমিক ২৪ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল প্রায় ৭১ শতাংশ। চলতি প্রথম প্রান্তিকে বিদ্যুৎ উৎপাদনে সমন্বিত ব্যয় দাঁড়িয়েছে ৬৯১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭২৬ কোটি টাকা। উৎপাদনব্যয় সমন্বয় শেষে চলতি প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত মোট আয় দাঁড়িয়েছে ৪৫৬ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৫৬ কোটি টাকা বা ৫২ শতাংশ বেশি। চলতি প্রান্তিকে প্রশাসনিক ব্যয় সামান্য কমার পাশাপাশি অন্যান্য আয়ও কমেছে। এ সময় ইউনাইটেড পাওয়ারের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৪৫৫ কোটি টাকায়, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০০ কোটি টাকা।
চলতি হিসাববছরে বিদেশি মুদ্রার বিনিময় হারে স্থিতিশীলতা অনেকটা ফিরে এসেছে। এর ফলে বিদেশি মুদ্রার বিনিময় হারে কোম্পানিগুলোর লোকসান আগের তুলনায় অনেকটাই কমে গেছে। ২০২৩-২৪ হিসাববছরের প্রথম প্রান্তিকে বিদেশি মুদ্রার বিনিময় হারে ইউনাইটেড পাওয়ারের সমন্বিত লোকসান ছিল প্রায় ১০৭ কোটি টাকা, যা চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে মাত্র ১১ কোটি টাকারও নিচে নেমে এসেছে। উৎপাদনব্যয় ও বিদেশি মুদ্রার বিনিময় হারে লোকসান কমে যাওয়ায় চলতি প্রথম প্রান্তিকে ইউনাইটেড পাওয়ারের নিট মুনাফা দাঁড়িয়েছে ৪১৮ কোটি ৮৭ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৮৪ কোটি ৩৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১২৭ শতাংশ।
এদিকে মুনাফায় উল্লম্ফনের কারণে গতকাল কোম্পানিটির শেয়ারের দর সর্বোচ্চ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ইউনাইটেড পাওয়ারের শেয়ারের দর প্রায় ১০ শতাংশ বেড়ে ১৪১ টাকা ১০ পয়সায় উন্নীত হয়েছে।
