সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে দিল জনতা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০২:১২ এএম

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

গত ৫ আগস্টের পর কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকার একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন বলে জানান স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় বীর বাঘৈর এলাকায় গোলাম কিবরিয়া টিপুকে স্থানীয় লোকজন দেখতে পান। তখন তার সামনে ২০-২৫ জন লোক জড়ো হন। এ সময় স্থানীয় লোকজন উত্তেজিত হলে আশপাশের কেউ পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন স্থানীয় লোকজন সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে পুলিশের কাছে সোপর্দ করে। 

বীর বাঘৈর এলাকার বাসিন্দা আজহার আলী বলেন, এই এলাকায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর কিছু জমি রয়েছে। সেখানে একটি ছোট ঘর রয়েছে। সম্ভবত ৫ আগস্টের পর সেখানে আত্মগোপনে ছিলেন তিনি। সন্ধ্যায় বাসার বাইরে বের হলে এলাকার লোকজন দেখতে পান। এ সময় তার সামনে লোকজন জড়ো হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর স্থানীয়রা টিপুকে পুলিশের কাছে সোপর্দ করে। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম সমকালকে বলেন, তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হাতিরঝিল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত