কাঠের ফ্রেমে বন্দি আয়াতই এখন বাবা-মায়ের সম্বল

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৬:৪১ এএম

কাঠের ফ্রেমে বন্দি ছোট্ট একটি শিশু। গায়ে আর্জেন্টিনার জার্সি। মুখে রাজ্যের হাসি। চুলগুলো চিকচিকে কালো। চোখজোড়া মায়াবী। সব মিলিয়ে যেন এক দেবশিশু। পাঁচ বছর বয়সী এই কন্যাশিশুটির নাম আলিনা ইসলাম আয়াত। মা সাহেদা আকতার তামান্না ও বাবা সোহেল রানার কাছে এ ছবিটিই এখন সম্বল, অমূল্য স্মৃতি।

আজ শুক্রবার আয়াতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২২ সালের ১৫ নভেম্বর মুক্তিপণ না পেয়ে ফুটফুটে শিশুটিকে হত্যা করে লাশ ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়। সেদিন বিকেলে নগরের বন্দরটিলা নয়ারহাট এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল শিশুটি।

আয়াত হত্যাকা-ে জড়িত অভিযোগে আবির আলী (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়। সমুদ্রসৈকত থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহের খ- খ- অংশ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আবির জানান, ২০ লাখ টাকা মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছিল আয়াতকে।

বর্তমানে চাঞ্চল্যকর হত্যা মামলাটি চট্টগ্রাম মহানগর ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারাধীন। মামলায় ৫০ জন সাক্ষীর মধ্যে গত বুধবার পর্যন্ত বাদীসহ চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

আয়াতের বাবা সোহেল রানা দেশ রূপান্তরকে বলেন, ‘এখন ফ্রেমে বাঁধা আর্জেন্টিনার জার্সি গায়ে মা মণির হাসিমাখা ছবি দেখেই মনকে সান্ত¡না দিই।’

আয়াতের মা সাহেদা আক্তার তামান্না বলেন, ‘মেয়ের মুখটাও দেখতে পেলাম না। পাষ- আবির আলী আমার পৃথিবী কেড়ে নিয়েছে। আমি তার ফাঁসি চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত