ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিপর্যয় ঘটেছে। রানওয়ে কুয়াশায় ঢাকা পড়ায় বেসরকারি বিমান সংস্থার দুটি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এতে ওই দুই ফ্লাইটের ঢাকাগামী শতাধিক যাত্রী আটকা পড়েছেন বলে জানা গেছে। তবে ফ্লাইট বাতিলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শনিবার (১৬ নভেম্বর) সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ও এয়ার অ্যাস্টার একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও নামতে পারেনি। সকাল ১০টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে কোনো বিমান অবতরণ করেনি। সাড়ে ১০টার দিকে আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, রানওয়েতে উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকতে হয়। কিন্তু আজ সকাল থেকে বর্তমানে ৪০০ মিটার দৃষ্টিসীমা বিরাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হতে শুরু করে। শীতের এ সময় বৈরী আবহাওয়ার কারণে প্রায় এমনটি ঘটে। তবে কোনো ফ্লাইট বাতিলের সম্ভাবনা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও।
প্রতিদিন সৈয়দপুর বিমানবন্দর থেকে গড়ে ১৫ থেকে ১৬টি ফ্লাইট পরিচালিত হয়। এর মধ্যে দুপুর ১২টার আগে ৩টি ফ্লাইট চলাচল করে। গতকাল শুক্রবার কুয়াশার কারণে দুটি ফ্লাইটে অবতরণে দেরি হয়েছে।
বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন: হাসনাত আবদুল্লাহ
ট্রাম্পের সঙ্গে দূরত্ব মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস