স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চায় না সংস্কার কমিশন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে সংস্কার কমিশন দলীয় প্রতীক চায় না বলে জানিয়েছেন সদস্য ড. তোফায়েল আহমেদ। এছাড়া বিগত নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, ‘আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলোর যেসব সদস্য নজরদারি করেছে তাদের বিচারের আওতায় আনা উচিত।’

শনিবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তারা। নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে সংলাপ করছে তারা। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সঙ্গে এ সংলাপ।

সভায় বদিউল আলম মজুমদার বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদের আত্মত্যাগের দায়বদ্ধতা নিয়েই নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজ করা হবে। শুধু আগামী নির্বাচন নয়, বরং ভবিষ্যতের জন্য স্থায়ী নির্বাচনী কাঠামো তৈরি করতে তারা কাজ করছেন বলেও জানান তিনি।

কমিশনের প্রধান বলেন, ‘গোয়েন্দা বাহিনী যেসকল অপকর্ম করেছে এগুলো বেআইনি, গুরুতর অপরাধ। তাদের বিচার হওয়া উচিত ছিল তবে ভবিষ্যতে যাতে এটা বন্ধ হয় এ ব্যাপারে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব।’

সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন হোক এটা আমরা চায় না। আরেকটা জিনিস স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বলতে পারি, স্থানীয় সরকার আইন যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু এক দিনে একই সময়ে সব জায়গায় নির্বাচন সম্ভব হবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত