আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধের কথা বলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পাঁয়তারা চলছে বলে মনে করে সম্মিলিত সনাতন পরিষদ। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমনটাই জানায় সংগঠনটি। ইসকন সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সম্মিলিত সনাতন পরিষদের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সনাতন সম্প্রদায়ের বাড়িঘর-মন্দির ভাঙচুর, সম্পদ লুট, হত্যা, গুম, খুন, ধর্ষণ, ধর্মান্তরিত ও ধর্মীয় অবমাননার নামে মিথ্যা মামলা করা হয়েছে। কিন্তু একটি ঘটনারও সঠিক বিচার পাওয়া যায়নি। তাছাড়া মিথ্যা, ভুয়া তথ্য পরিবেশনের মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে, যাতে সনাতন সংখ্যালঘুদের আট দফা দাবির আন্দোলনকে দমন করা যায়। মামলাটি দ্রুত প্রত্যাহার করে গ্রেপ্তারকৃতদের জামিন দিতে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয় সংবাদ সম্মেলনে।
পরিষদের সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, সংগঠনটির সহসভাপতি অ্যাডভোকেট জে কে পাল, অধ্যাপক অশোক তরু প্রমুখ।
