স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজালুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের জনগণ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার মানবিক ও জনবান্ধব ডাক্তার খ্যাত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহমান এ হাসপাতালে আসার পর উপজেলার স্বাস্থ্যসেবার চিত্রই পাল্টে দিয়েছেন। তার আন্তরিকতায় গর্ভবতী মায়েদের সেবা থেকে শুরু করে সর্বস্তরের রোগী সাধারণ অভূতপূর্ব চিকিৎসা সেবা পাচ্ছেন। স্বল্পমূল্যে হাসপাতলে ডিজিটাল এক্স-রে, গর্ভবতী মায়েদের আলট্রাসনোগ্রাফিসহ নানা পরীক্ষা-পরীক্ষার ব্যবস্থা করেছেন। তার হাত ধরে উপজেলার কমিউনিটি হেলথ ক্লিনিক গুলোর সেবার মান অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি নরমাল ডেলিভারিসহ চিকিৎসা সেবায় আমূল পরিবর্তন এনেছেন। পুরো স্বাস্থ্য বিভাগকে একটি পরিবারে আবদ্ধ করেছেন তিনি। প্রত্যেকটি স্টাফ, নার্স ও ডাক্তার আন্তরিকভাবে সেবা দিচ্ছেন তারই অনুপ্রেরণায়। আমরা এ মানবিক ডাক্তারের বদলি আদেশ প্রত্যাহার চাই। এই প্রত্যন্ত অঞ্চলে মানবিক ডাক্তার আফজালুর রহমানের খুবই প্রয়োজন এলাকার রোগীর সাধারণ তার চিকিৎসায় অভিভূত।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরিফুল ইসলাম, ফজলুল করিম ফিরোজ, মোহাম্মদ নাসির উদ্দিন, কমিউনিটি হেল্প কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), কাজী আবু মঞ্জু, স্বাস্থ্য সহকারী নাইয়ারে দো আলম, ইমাম হোসেন, সিনিয়র স্টাফ নার্স দুর্গা রানি মজুমদার, মনশ্রী হেমব্রম, মোহাম্মদ রাসেল পারভেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শ্রীকান্ত দেবনাথ, ডা. মো. শাহরিয়ার, ডা. মো. নূর মোহাম্মদ শাহিন, ডা. এসএম ফারুক, সিনিয়র কনসালটেন্ট ডা. জেবুন্নাহার লাভলী, স্টাফ নার্সসহ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফ, স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাধারণ রোগীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত