অতিরিক্ত ভর্তি ফি ও চাঁদা আদায়ের অভিযোগে টাঙ্গাইল জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের অফিসে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।
গতকাল মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজারসংলগ্ন শ্রমিক অফিসে এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় অফিসে থাকা তিনটি মোটরসাইকেল, আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এই হামলা ও অগ্নিসংযোগে ৩ শ্রমিক নেতা আহত হয়েছেন। তারা হলেন, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ, সাবেক সদস্য সালাম ও রূপচাঁন।
রিকশা শ্রমিক ও স্থানীয়রা জানান, আগে ভর্তি ফি এক হাজার টাকা ছিল। সেটি বর্তমানে ১৫৬০ টাকা করা হয়েছে। এ ছাড়া ১০ টাকা মাসিক চাঁদা করাসহ সমিতির নজরে আসার পর ভর্তি না হওয়া শ্রমিকদের ২০০ টাকা জরিমানা নিয়ে ভর্তির জন্য মাত্র পাঁচ থেকে সাতদিন সময় দিত সমিতি। এসব নিয়ে সাধারণ শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকালে শহরে সাধারণ শ্রমিকরা চাঁদা ও ভর্তি ফি না দেওয়ার জন্য মাইকে প্রচার করতে থাকেন। একপর্যায়ে নেতারা প্রচারকারীকে আটক ও মারধর করেন। এ খবর জানতে পেরে সাধারণ শ্রমিকরা কার্যালয়ে হামলা, নেতাদের মারধর এবং অগ্নিসংযোগ করে।
এ ব্যাপারে জেলা রিকশাশ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. হুসেন বেপারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সমিতির সাবেক সহসভাপতি আহত আব্দুস সামাদ জানান, কার্যালয়ে আমাকে বেঁধে রেখে অগ্নিসংযোগ করা হয়। আমি প্রায় আধা ঘণ্টা পরে বাঁধন খুলে বের হই। আগুনে আমার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
