ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার। বাংলাভাষী এলাকা হিসেবে পরিচিত রাজ্যের তিনটি জেলার অন্যতম করিমগঞ্জ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার আসামের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট গিয়ে তার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে নাম দিয়েছিলেন শ্রীভূমি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি জানান, ১০০ বছরও বেশি আগে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসামের আধুনিক করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি হিসেবে বর্ণনা করেছিলেন। আজ আসাম মন্ত্রিসভা আমাদের জনগণের এই দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। করিমগঞ্জ জেলায় মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি।
আসামের বাকি দুই বাংলাভাষী প্রধান জেলা হলো কাছাড় ও হাইলকান্দি। কাছাড় জেলার সদর শহর শিলচর রাজ্যের বাংলাভাষী জনগণের প্রধান কেন্দ্র। ব্রিটিশ শাসনামলে ১৮৭৮ সালে করিমগঞ্জ জেলা ছিল বর্তমান বাংলাদেশের সিলেট বিভাগের একটি উপবিভাগ। দেশভাগের পর সিলেটের তিনটি অঞ্চল করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড় ভারতের আসাম রাজ্যে যুক্ত হয়েছিল। ১৯৯৩ সালে করিমগঞ্জকে আসামের একটি পূর্ণ জেলা হিসেবে ঘোষণা করা হয়।
গত সেপ্টেম্বরে ভারতের কেন্দ্রীয় সরকার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার শহরের নাম পরিবর্তন করে শ্রী বিজয়পুরম করার ঘোষণা দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, দেশের বুক থেকে ঔপনিবেশিক শাসনের চিহ্ন মুছে ফেলার লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পদক্ষেপ নিয়েছেন।
