বিচারপতি মইনুল বললেন

কোনো সরকারই বিচার বিভাগের প্রতি যথার্থ নজর দেয়নি

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৭:১৭ এএম

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, কোনো সরকারই বিচার বিভাগের প্রতি কখনো যথার্থ নজর দেয়নি। ফলে এ বিভাগ সরকারের সবচেয়ে দুর্বলতম বিভাগে পরিণত হয়েছে। মানুষ যদি অনুভব করে যে, বিচার বিভাগ স্বাধীন নয়, তাহলে রাষ্ট্রে সেই বিচার বিভাগের কোনো আস্থার জায়গা থাকে না। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মিনৌরী বাংলাদেশের সহায়তায় ‘নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথককরণের ১৭ বছর’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে মানবাধিকার সংগঠন হিউম্যানিটি ফাউন্ডেশন এবং মাসিক আইন ও বিচার।

মইনুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিচার বিভাগের আজকের অবস্থা আমাদের সামষ্টিক ব্যর্থতা। কেবল বিচারকই নয়, রায়ের গুণগত মানও নিশ্চিত করা প্রয়োজন। বিচারকদের মানসিকভাবে স্বাধীন হওয়ার প্রয়োজন।’

অনুষ্ঠানে মাসদার হোসেন মামলার বাদী ও আইন সংস্কার কমিশনের সদস্য মাসদার হোসেন বলেন, ‘বিচার বিভাগকে স্বাধীন বলা হলেও তা মোটেও স্বাধীন নয়। বিচার বিভাগের পৃথক সচিবালয়ের দাবি নিয়েই আমাদের সংগ্রাম। এই দাবি থেকে আমরা সরে যাইনি এবং অটল রয়েছি।’

তিনি আরও বলেন, ‘বিচার বিভাগ প্রধান বিচারপতির নিয়ন্ত্রণে থাকতে হবে। এমন একটি অবকাঠামো তৈরি করতে হবে, যাতে বিচারকদের নিয়োগ, নিয়ন্ত্রণ, শৃঙ্খলাবিষয়ক সব সিদ্ধান্ত প্রধান বিচারপতির কাছে অর্পিত হয়।’

হিউম্যানিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ইকতেদার আহমেদ, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য জিমি আমির, বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. খাদেমুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শাকিল আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত