‘স্টিচেস’ শিরোনামে নতুন এক সিনেমায় নাম লেখালেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এই সিনেমার মধ্যে তাকে দেখা যাবে পরিচালকের ভূমিকায়, অর্থাৎ সিনেমাটিতে চলচ্চিত্র নির্মাতার ভূমিকায় অভিনয় করবেন জোলি। সিনেমাটি পরিচালনা করছেন ফরাসি নির্মাতা অ্যালিস উইনোকোর।
ভ্যারাইটি বলছে, জোলির ‘স্টিচেস’ সিনেমার গল্পের মূল প্লটটি প্যারিসের ফ্যাশন জগৎ নিয়ে, যেখানে ফ্যাশন উইকের সময় তিন নারীর জীবন একত্রিত হয়। অভিনেত্রী এ সিনেমায় একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করবেন। এটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ফ্রিম্যান্টল, অ্যাপার্টমেন্ট ও নেটফ্লিক্স। সিনেমাটি ডিস্ট্রিবিউশন করবে পাওয়ার হাউজ প্যাথি ফিল্মস।
ফরাসি ও ইংরেজি ভাষায় নির্মিত হবে সিনেমাটি। তবে এর শুটিং কবে থেকে শুরু হবে, তা এখনো নিশ্চিত করা হয়নি।
অ্যাঞ্জেলিনা জোলিকে সর্বশেষ দেখা গেছে ‘মারিয়া’ সিনেমায়। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি, পেয়েছে প্রশংসাও।
‘মারিয়া’-এর চিত্রনাট্য লিখেছেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা স্টিভেন নাইট। সিনেমায় দেখানো হয়েছে অপেরা গায়ক মারিয়া ক্যালাসের জীবনের শেষ দিনগুলো।
সিনেমাপ্রেমীদের অনেকেই মনে করছেন, মারিয়া ক্যালাস চরিত্রে অভিনয়ের জন্য জোলি পেতে পারেন অস্কার। আগামী বছর ১০ জানুয়ারি যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। সিনেমাটি পরিচালনা করেছেন পাবলো লাররাইন।
এক দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ২ হলিউড সিনেমা