গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন রূপান্তরকামী নারী সারা ম্যাকব্রাইড। দেশটির ইতিহাসে প্রথম রূপান্তরকামী হিসেবে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হওয়া সারা অবশ্য তার রিপাবলিকান সহকর্মীদের কাছ থেকে উষ্ণ অভিনন্দন পাননি। উল্টো কংগ্রেস ভবনে নারীদের জন্য নির্ধারিত স্থানগুলো যাতে তিনি ব্যবহার করতে না পারেন, সেজন্য প্রতিনিধি পরিষদে আনা একটি প্রস্তাবে সমর্থন দিয়েছেন নিম্নকক্ষের রিপাবলিকান স্পিকার মাইক জনসন।
প্রস্তাবে সমর্থন দিয়ে স্পিকার বলেন, প্রতিনিধি পরিষদের ভবনগুলো সব একক লিঙ্গভিত্তিক অবকাঠামো। এই জায়গাগুলো জৈবিক লিঙ্গের ব্যক্তিদের জন্য সংরক্ষিত। ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে ডেমোক্রেটিক পার্টির সদস্য হিসেবে নির্বাচিত হন সারা। নভেম্বরের নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে গেছে। চলতি সপ্তাহের শুরুতে নিম্নকক্ষের রিপাবলিকান সদস্য ন্যান্সি মেস নিম্নকক্ষে একটি প্রস্তাব উত্থাপন করেন। তার প্রস্তাবে ক্যাপিটলে নারীদের জন্য নির্ধারিত শৌচাগার, পোশাক বদলানোর কক্ষ, লকার রুমের মতো জায়গাগুলো ব্যবহারে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
