সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫১ এএম

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লেগে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গত বৃহ¯পতিবার রাতে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নেহাল সৈয়দপুর পৌর শহরের নয়াবাজার এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে ও সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা নেহালের অপর দুই বন্ধু আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন।

জানা যায়, প্রতিদিনের মতো রাত ৯টার দিকে নেহালসহ তার আরও দুই বন্ধু প্রাইভেট পড়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাইপাস সড়কের ধলাগাছ মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে নেহালসহ তিনজন গুরুতর আহত হন। নেহালের মাথায় ও বুকে আঘাত লাগে। আহতদের সৈয়দপুর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক নেহালকে মৃত ঘোষণা করেন। বাকিরা আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, বরিশালের গৌরনদীতে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থলের আরিফ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বড় বিবির গ্রামের মুকুল (৩৫) এবং ডুমুরদি গ্রামের মৃত আফছার মোল্লার ছেলে বাদল মোল্লা (৪০)। এ ব্যাপারে জানতে চাইলে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, বরিশাল থেকে ফরিদপুরগামী খালি পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত