চিতায় তোলার আগে নড়ে উঠলেন ‘মৃত’ যুবক, অতঃপর...

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম

শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠানে মুখাগ্নির আগ মুহূর্তে হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাস শুরু হয়ে যায় ২৫ বছর বয়সী এক বাক্‌প্রতিবন্ধী যুবকের। এ ঘটনার পর দ্রুত তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আবার তার চিকিৎসা শুরু হয়। তবে পরদিন শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট তিন চিকিৎসককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, ভারতের রাজস্থানের ঝুনঝুনু জেলায় রোহিতাশ কুমার নামে ওই বাক্‌প্রতিবন্ধী যুবককে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা। এরপর তার মরদেহ মর্গ থেকে চিতায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে শেষকৃত্যানুষ্ঠান শুরুর আগমুহূর্তে হঠাৎ তার শ্বাসপ্রশ্বাস শুরু হয়। 

ঝুনঝুনু জেলার বাগাদে মা সেবা সংস্থানের আশ্রয় কেন্দ্রেই থাকতেন রোহিতাশ। বৃহস্পতিবার দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় ভগবান দাস খেতান (বিডিকে) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়, যা জেলা সবচেয়ে বড় সরকারি হাসপাতাল।

হাসপাতালে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং তাঁর দেহ মর্গে পাঠিয়ে দেন। সেখানে দুই ঘণ্টা তাকে একটি ডিপ ফ্রিজে রাখা হয়। ওই দিন সন্ধ্যায় শ্মশানে যখন তার মুখাগ্নির আগে উপস্থিত সবাই রোহিতাশের দেহে নড়াচড়া দেখতে পায়।

শ্মশানে উপস্থিত সবাই বুঝতে পারেন রোহিতাশ এখনও বেঁচে আছেন। পরে তাকে দ্রুত বিডিকে হাসপাতালে ফেরত পাঠানো হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য এসএমএস হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা সত্ত্বেও, ১২ ঘণ্টা পর রোহিতাশ মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত