‘রাজনীতি’র মূল লক্ষ্য হলো জনগণের সেবা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজে সমতা নিশ্চিত করা। রাজনীতির সঙ্গে অর্থ, ক্ষমতা এবং ব্যক্তিগত স্বার্থের গভীর সংযোগ একটি বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জনগণের অংশগ্রহণ, মতামত এবং স্বার্থের প্রতিফলন। কিন্তু যখন রাজনীতি বাণিজ্যিক স্বার্থে চালিত হয়, তখন গণতন্ত্রের মৌলিক ভিত্তি দুর্বল হতে থাকে। ফলে বাংলাদেশসহ অনেক দেশেই রাজনীতির বাণিজ্যকরণ গণতান্ত্রিক আদর্শ রক্ষার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আমাদের দেশে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নির্বাচনে প্রার্থীদের বিশাল অঙ্কের অর্থ খরচ করা একটি সাধারণ ঘটনা। প্রার্থীদের অনেকেই ভোটারদের কাছে প্রভাব বিস্তারের জন্য অর্থ ব্যয় করেন, যা রাজনৈতিক প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত করে। নির্বাচিত হওয়ার পর সেই অর্থ পুনরুদ্ধার করতে এবং মুনাফা অর্জনের জন্য তখন প্রভাবশালী পদগুলোকে ব্যবহার করা হয়। রাজনীতির বাণিজ্যকরণ একটি দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য মারাত্মক হুমকি। নীতিহীন অর্থনৈতিক স্বার্থ যখন রাজনীতির চালিকাশক্তি হয়ে দাঁড়ায়, তখন জনগণের কল্যাণের চেয়ে ব্যক্তিগত ও দলীয় স্বার্থ অগ্রাধিকার পায়। এতে দুর্নীতি বৃদ্ধি পায়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়। রাজনীতির বাণিজ্যিকীকরণের বিভিন্ন নেতিবাচক প্রভাব হচ্ছে
গণতন্ত্রের ভিত্তি দুর্বল : গণতন্ত্রের মূলনীতি হলো, জনগণের ইচ্ছা ও মতামতের প্রতিফলন। যখন অর্থ এবং ব্যক্তিগত স্বার্থ রাজনীতিতে প্রভাব বিস্তার করে, তখন এই মৌলিক নীতিগুলো প্রায়ই উপেক্ষিত হয়। সৎ এবং যোগ্য নেতাদের তখন রাজনীতিতে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। কারণ তারা অতিরিক্ত অর্থ ব্যয় করতে পারেন না বা করপোরেট লবিংয়ের মাধ্যমে ক্ষমতার আসনে পৌঁছানোর পথ খুঁজে পান না। তখন রাজনীতিতে প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী এবং ধনী ব্যক্তিদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করেন। এতে প্রকৃত জনগণের প্রতিনিধিত্ব হ্রাস পায় এবং গণতন্ত্রের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিতের ধারণা ক্রমেই দুর্বল হয়ে পড়ে।
জ্যামিতিক হারে দুর্নীতি বৃদ্ধি : ‘রাজনীতির বাণিজ্যকরণ’ দুর্নীতির জন্য একটি উর্বর ক্ষেত্র তৈরি করে। নির্বাচনী প্রচারণার জন্য বিপুল অর্থ ব্যয়ের ফলে প্রার্থীরা নির্বাচিত হওয়ার পর সেই অর্থ পুনরুদ্ধারের চেষ্টা করেন। এর ফলে ঘুষ এবং সরকারি প্রকল্পের তহবিল আত্মসাতের মতো কর্মকাণ্ড বৃদ্ধি পায়। রাজনৈতিক পদকে প্রায়শই একটি লাভজনক বিনিয়োগ হিসেবে দেখা হয়, যেখানে নির্বাচনে জয়লাভের পর পদমর্যাদার মাধ্যমে সেই বিনিয়োগ পুনরুদ্ধার করা হয়। সরকারি ক্রয় বা উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দলীয় পৃষ্ঠপোষকতা এবং অর্থনৈতিক নীতিতে পক্ষপাতিত্ব দুর্নীতির সাধারণ চিত্র হয়ে দাঁড়ায়। যখন রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন, তখন তা সমাজে একটি নেতিবাচক উদাহরণ তৈরি করে। তরুণ প্রজন্ম এবং প্রশাসনের সদস্যরা এই আচরণকে গ্রহণযোগ্য মনে করতে শুরু করে। ফলে সমাজের সব স্তরে দুর্নীতির প্রসার ঘটে।
অবহেলিত জনস্বার্থ : রাজনীতি যখন ব্যক্তিগত বা দলীয় স্বার্থে পরিচালিত হয়, তখন জনগণের প্রকৃত চাহিদা এবং কল্যাণ উপেক্ষিত হয়। জনকল্যাণমূলক প্রকল্প এবং নীতিনির্ধারণে জনগণের মতামত বা অংশগ্রহণ গুরুত্ব পায় না। এছাড়া জনগণের চাহিদা অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের পরিবর্তে রাজনৈতিক নেতারা সেইসব প্রকল্পে মনোযোগ দেন, যা তাদের ব্যক্তিগত সুনাম বৃদ্ধি করে। ফলে প্রকৃত জনকল্যাণ নিশ্চিত হয় না এবং সামাজিক অগ্রগতির গতি মন্থর হয়ে যায়।
সামাজিক বৈষম্য বৃদ্ধি : ধনী প্রার্থীদের বিপুল অর্থ ব্যয়ের ক্ষমতা থাকার কারণে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে সক্ষম হন। ফলে দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব প্রায়ই উপেক্ষিত হয়। ক্ষমতার কেন্দ্রীকরণ ধনী এবং ক্ষমতাধরদের মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বহীনতার কারণে তাদের সমস্যাগুলো সংসদ বা নীতিনির্ধারণী প্রক্রিয়ায় গুরুত্ব পায় না। তখন সমাজে আস্থাহীনতা এবং হতাশা তৈরি হয়, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।
রাজনীতির বাণিজ্যিকীকরণে মূলে রয়েছে নির্বাচনী প্রক্রিয়া, রাজনৈতিক সংস্কৃতি এবং দলীয় অর্থ ব্যবস্থার অভ্যন্তরীণ দুর্বলতায়। এটি শুধু রাজনীতির কাঠামোকে দুর্বল করে না; বরং গণতন্ত্রের ভিত্তিকে গভীরভাবে আঘাত করে। আসলে গণতন্ত্র রক্ষায় করতে হবে নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ, দলীয় তহবিলে স্বচ্ছতা নিয়ে আসা, সততার ওপর ভিত্তি করে প্রার্থী মনোনয়ন, জনগণের সচেতনতা বৃদ্ধি এবং থাকতে হবে দুর্নীতি দমন কমিশনের কার্যকর ভূমিকা। রাজনীতিকে জনগণের সেবার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে, ‘বাণিজ্যকরণ’ বন্ধ করতে হবে। সৎ নেতৃত্বের মাধ্যমেই রাজনীতি তার প্রকৃত উদ্দেশ্য পূরণ করতে পারে। জনগণ, রাজনৈতিক দল এবং প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় রাজনীতির বাণিজ্যকরণ বন্ধ করা সম্ভব। গণতন্ত্র রক্ষার জন্য, বর্তমানে এটিই সময়ের সবচেয়ে বড় দাবি।
লেখক : শিক্ষার্থী; মনোবিজ্ঞান বিভাগ ঢাকা কলেজ
