লক্ষ্মীপুরে সাংবাদিকের বাড়িতে হামলা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১২:২২ এএম

খবরের কাগজ পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলামের বাড়িতে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন দাউদপুর গ্রামের বাড়িতে এ হামলা চালানো হয়। রফিকুল ইসলামের প্রতিবেশীর মামলার তদারকি করায় মামলার এজাহার নামীয় ও খুনের সঙ্গে জড়িত আসামি নিকু ও তার গ্রুপের সন্ত্রাসীরা রফিকুল ইসলামকে হত্যার উদ্দেশে এই হামলা চালায় বলে জানা যায়।

জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে একটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা করে ৮ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে রফিকুল ইসলামের বাড়িতে হানা দেয়। তারা রফিকুল ইসলামের সঙ্গে জরুরি কথা আছে বলে ঘর থেকে বাইরে বের হতে বলে। রফিকুল ইসলাম ঘর থেকে বের হতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় রফিকুল পুলিশ ও প্রতিবেশীদের ফোনে খবর জানালে তারা আসছে জেনে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে রফিকুল ইসলাম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত