যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৭ এএম

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। রাশিয়ার সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধ বন্ধের আলোচনায় ট্রাম্পের সঙ্গে বসতে কিছু শর্তও আছে পুতিনের। এর মধ্যে আছে, রাশিয়ার দখল করা ইউক্রেনের ভূখ-গুলো নিয়ে বড় কোনো ছাড় না দেওয়া এবং কিয়েভের পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগের বিষয়।

ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন ট্রাম্প। ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন তিনি। এমন এক সময় ট্রাম্প হোয়াইট হাউজে বসতে যাচ্ছেন, যখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বড় অগ্রগতি পাচ্ছে মস্কো। এই অগ্রগতি ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকের চেয়ে অনেক বেশি। রাশিয়ার সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ট্রাম্পের মধ্যস্থতায় কোনো চুক্তি হলে, তাতে ইউক্রেনে চলমান সম্মুখসারির যুদ্ধ বন্ধে রাজি হতে পারে ক্রেমলিন। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন অঞ্চল ভাগাভাগির বিষয়েও আলোচনার সুযোগ রাখা হবে। এই চার অঞ্চলকে বর্তমানে নিজেদের বলে দাবি করে রাশিয়া। এ ছাড়া খারকিভ ও মিকোলাইভের যেসব এলাকা রাশিয়ার দখলে রয়েছে, সেখান থেকে সেনা প্রত্যাহারেও রাজি হতে পারে ক্রেমলিন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির এই পদক্ষেপের কারণে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে জটিলতা ও বিলম্ব দেখা দিতে পারে বলে জানিয়েছে সূত্র। রাশিয়ার কট্টরপন্থিদের চাওয়া অনুযায়ী, ইউক্রেনের আরও বড় অংশ দাবি করে বসতে পারে মস্কো। যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার পরপরই মস্কো বলেছে, এই পদক্ষেপে যুদ্ধের পরিস্থিতির বড় অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত কোনো চুক্তি না হলে, রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে বলে রয়টার্সকে জানিয়েছে সূত্র। গত মঙ্গলবার রাশিয়ায় যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, পুতিন ইতিমধ্যেই বলেছেন, কোনোভাবেই সংঘাত বন্ধ হবে না। আর (রাশিয়ায় দূরপাল্লার) ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে এই যুদ্ধের ভয়াবহ অবনতি করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে রাশিয়ার হাতে ব্যবহারের জন্য প্রস্তুত শক্তিশালী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মজুত আছে বলে জানিয়েছেন পুতিন। ইউক্রেনের দিনিপ্রো শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর তিনি এ মন্তব্য করেছেন। টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়া যায় না। এটি শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে। অন্যদিকে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে নভোদমিত্রিভকা বসতি দখল করেছে রুশ বাহিনী। রুশ বাহিনীর দ্রুত অগ্রযাত্রায় নভোদমিত্রিভকা দখলকে সর্বশেষ অর্জন বলে অভিহিত করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসোভ। তবে ইউক্রেনের সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ শহর কুরাখোভের উত্তরে অবস্থিত এই গ্রামটি দখলের বিষয়ে কিছু নিশ্চিত করে জানায়নি। রয়টার্স কোনো পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত