নুহাশের সিনেমার সরকারি বরাদ্দ বাতিল

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৫ এএম

চার বছর আগে ‘মুভিং বাংলাদেশ’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা নুহাশ হুুমায়ূন। প্রথমদিকে প্রযোজক সংকট থাকলেও পরে সিনেমাটির সঙ্গে যুক্ত হতে আগ্রহ দেখায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এরপর মন্ত্রণালয়টির ডিপিপি থেকে (ডিজিটাল প্রোডাকশন পার্টনারশিপ) সিনেমাটির জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ হয়।

তবে এখন জানা যাচ্ছে নুহাশের সিনেমার জন্য বরাদ্দকৃত ৫০ লাখ টাকা বাতিল করা হয়েছে। এই মুহূর্তে প্রকল্প থেকে এই সিনেমাটি নির্মাণের ইচ্ছা নেই জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনস্ত সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘মন্ত্রণালয়ের ডিপিপিতে (ডিজিটাল প্রোডাকশন পার্টনারশিপ) মুভিং বাংলাদেশ নামে সিনেমার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ ছিল। কিন্তু এই মুহূর্তে প্রকল্প থেকে এই সিনেমাটি নির্মাণের ইচ্ছা নেই। আর সিনেমা বানানো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজও না। তাই আপাতত সিনেমায় বিনিয়োগের পদক্ষেপ থেকে সরে আসা হয়েছে।’

সিনেমাটির প্রযোজকদের একজন আরিফুর রহমান মনে করছেন মন্ত্রণালয় সরে দাঁড়ানোয় সিনেমাটির নির্মাণকাজে ব্যাঘাত ঘটবে না। তার কথায়, ‘মুভিং বাংলাদেশ বানানোর জন্য যে ধরনের অর্থ দরকার, সেখানে ৫০ লাখ টাকা খুবই ছোট অ্যামাউন্ট। এটি সিনেমা নির্মাণে বাধা হবে না।’

তিনি আরও বলেন, ‘মুভিং বাংলাদেশ আমাদের দেশকে ব্র্যান্ডিং করার মতো সিনেমা। যে কারণে তখন চেয়েছিলাম তারা থাকুক।’

আরিফুর রহমান জানান, এরই মধ্যে লগ্নিকারক পেয়ে গেছে সিনেমাটি। প্রযোজনায় আরও অনেকে আগ্রহী। তিনি বলেন, ‘দেশ-বিদেশের প্রযোজকরা সিনেমাটির সঙ্গে এখনো যুক্ত হতে চান। কারণ আমাদের সিনেমাটি দর্শক গ্রহণ করবে।

এই প্রজেক্ট থেকে আমরা নিশ্চিন্তে টাকা তুলে আনতে পারব। বরং যারা সিনেমাটি থেকে সরে যাবে, তারাই লস করবে। এই সিনেমার ভ্যালু বুঝতে হবে। বুঝতে হবে এর সঙ্গে কারা জড়িত। তাদের ব্যাকগ্রাউন্ড কী। সেখানে কে চলে গেল, সেটা নিয়ে ভাবনার কিছু নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত