এক দিনে বছরের সর্বোচ্চ ১১ মৃত্যু

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৪ এএম

ডেঙ্গুতে এক দিনে এ বছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) মারা গেছে ১১ জন। এটাই এ বছরে এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত বছরের ১৭ নভেম্বর সমসংখ্যক রোগীর মৃত্যু হয়েছিল।

এর ফলে গত মাসকে টপকিয়ে চলতি বছরের সর্বোচ্চ মৃত্যুর মাসে রূপ নিল নভেম্বর। গতকাল পর্যন্ত এ মাসে মারা গেল ১৪৪ জন। গত মাসে মৃত্যুর সংখ্যা ছিল ১৩৬ জন। এ বছর তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে ৮৭ জনের। এ ছাড়া আগস্টে ৩০, জানুয়ারিতে ১৬, মে’তে ১২, জুনে আট, মার্চে ছয়, ফেব্রুয়ারিতে পাঁচ ও এপ্রিলে দুজন মারা যায়। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, নতুন মারা যাওয়া ১১ জনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটিতে পাঁচজনের। এরপর ঢাকা দক্ষিণ সিটিতে চার ও খুলনা বিভাগে দুজন মারা গেছে। মৃতদের মধ্যে ছয়জন পুরুষ ও পাঁচজন নারী। তাদের একজন শূন্য থেকে পাঁচ বছর বয়সী এক ছেলে শিশু।

এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ৪৫৯ জন মারা গেল। তাদের মধ্যে ২৩৪ জন বা ৫১ শতাংশ নারী ও ২২৫ বা ৪৯ শতাংশ পুরুষ। এ বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণে ১৯৭ জনের ও সর্বনিম্ন একজন মারা গেছে চট্টগ্রাম সিটি করপোরেশনে। এ ছাড়া ঢাকা উত্তরে ৮২, বরিশাল বিভাগে ৪৯, চট্টগ্রাম বিভাগে ৪৬, ঢাকা বিভাগে ৩৭, খুলনা বিভাগে ২৬, ময়মনসিংহ বিভাগে ১৩, রাজশাহী বিভাগে ছয় ও রংপুর বিভাগে দুজন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭৯ জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত রোগী বেড়ে দাঁড়াল ৮৬ হাজার ৭৯১ জনে।

হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭২ জন ভর্তি হয়েছে। এরপর ঢাকা উত্তর সিটিতে ভর্তি হয়েছে ১৯৪, খুলনা বিভাগে ১৪৩, চট্টগ্রাম বিভাগে ১৩৩ ও ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন ভর্তি হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে ৯৭, রাজশাহী বিভাগে ৫৮, ময়মনসিংহ বিভাগে ৩৫, রংপুর বিভাগে ১৭ ও সিলেট বিভাগে ৯ নতুন রোগী ভর্তি হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৮৬ হাজার ৭৯১ রোগী হাসপাতালে ভর্তি হলো। তাদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। সর্বোচ্চ ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটিতে ১৮ হাজার ৪৪৭ জন। এরপর ঢাকা বিভাগে ১৫ হাজার ৬২৭ ও ঢাকা দক্ষিণ সিটিতে ১৫ হাজার ৪০৮ রোগী ভর্তি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত