ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ১৬ জনের মৃত্যু

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১০:২১ পিএম

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত চারটি এলাকায় সামরিক ও উদ্ধারকারী কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে। এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মুষলধারে বৃষ্টির পর পাহাড় থেকে মাটি, পাথর ও গাছপালা ধসে পড়েছে। উত্তর সুমাত্রা প্রদেশের চারটি পার্বত্য জেলার নদীর তীর ভেঙে পানির স্রোতে ঘরবাড়ি ও খামার ভেসে গেছে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান জুসপ্রি এম নাদেকের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রবিবার গভীর রাতে ভূমিধসে দুটি বাড়ি ও একটি কটেজে থেকে উদ্ধারকর্মীরা ছয়টি মৃতদেহ উদ্ধার করেছে। আহত অবস্থায় নয়জন সরে যেতে সক্ষম হন। এখনও নিখোঁজ রয়েছেন চারজন, তাদের মধ্যে দুই শিশুও রয়েছে।

তিনি জানান, ‘কারো’ জেলার সেমাংগাট গুনুং এলাকায় পুলিশ, সেনা ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে মৃত ও নিখোঁজদের সন্ধান করছে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান পুপুত মাশুরি জানান, আকস্মিক বন্যায় অন্তত ১০টি বাড়ি ভেসে যাওয়ার পর রবিবার উদ্ধারকারীরা নদী থেকে দুটি লাশ উদ্ধার করে।

রবিবার দেলি সেরদাং জেলায় আকস্মিক বন্যায় চারজন মারা গেছে এবং সোমবার উদ্ধারকর্মীরা আকস্মিক বন্যায় ভেসে যাওয়া আরও দু’জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

স্থানীয় উদ্ধার সংস্থার প্রধান মুস্তারি জানান, পাদাং লাওয়াস জেলার পাহাড়ি গ্রাম হারাং জুলুতে ভূমিধসে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, শনিবার গভীর রাতে উদ্ধারকারীরা বিধ্বস্ত গ্রাম থেকে দুই শিশুসহ একই পরিবারের চার সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় অক্টোবর থেকে মার্চ পর্যন্ত মৌসুমি বৃষ্টিতে প্রায়ই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত