দুই মাস পৃথিবীর কক্ষপথে থাকার পর অবস্থান বদলেছে ছোট চাঁদ বলে আখ্যা পাওয়া ‘২০২৪ পিটি৫’ নামের গ্রহাণুটি। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, সূর্যের শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তির টানে কাবু হয়ে সোমবার গ্রহাণুটি পৃথিবী থেকে দূরে সরে গেছে। ২০৫৫ সালের আগে আর দেখা যাবে না এই গ্রহাণুটিকে। গত আগস্টে গ্রহাণুটির সন্ধান মেলে দক্ষিণ আফ্রিকার অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম বা অ্যাটলাস টেলিস্কোপের মাধ্যমে। গ্রহাণুটি ১১ মিটার চওড়া। দুই মাস আগে পৃথিবীর কক্ষপথে যোগ হয়েছিল গ্রহাণুটি।
সেপ্টেম্বরে ঘোড়ার খুরের আকৃতির মতো পথে আংশিকভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করতে শুরু করে গ্রহাণুটি। ওই সময় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্পষ্ট করে বলেছিল, এটি কখনোই পুরোপুরিভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে না। আর এই গ্রহাণুটির চাঁদের মতো আচরণ শনাক্ত করেন কমপ্লুটেন্স ইউনিভার্সিটি অব মাদ্রিদের জ্যোতিঃপদার্থবিজ্ঞানী ভ্রাতৃদ্বয় রাউল ও কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস। বিজ্ঞানীরা বলছেন, কোনো গ্রহাণু ধীরে ধীরে পৃথিবীর কাছাকাছি চলে এলে সূর্যের শক্তিশালী আকর্ষণের চেয়ে এটি পৃথিবীর নিজস্ব মাধ্যাকর্ষণ দ্বারা বেশি আকৃষ্ট হয়। আর তখনই মিনি-মুনের মতো ঘটনা ঘটে।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য বলছে, সূর্য প্রদক্ষিণ করা গ্রহাণুটি ৩০ বছরের মধ্যে আবারও পৃথিবীর কক্ষপথে অস্থায়ী ও আংশিকভাবে যোগ হবে। আবার পৃথিবীর কক্ষপথে আসার পর বর্তমান গতির দ্বিগুণেরও বেশি গতিতে চলবে গ্রহাণুটি। বর্তমানে পৃথিবী থেকে ৩৫ লাখ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছে এটি। এটি এতই ছোট যে শক্তিশালী কোনো টেলিস্কোপ ছাড়া গ্রহাণুটি দেখতে অস্পষ্ট লাগে। গ্রহাণুটি কয়েকশবার পর্যবেক্ষণ করতে ক্যানারি দ্বীপপুঞ্জে টেলিস্কোপ ব্যবহার করেছেন মার্কোস ভ্রাতৃদ্বয়।
এদিকে নাসা জানিয়েছে, ডিপ স্পেস নেটওয়ার্কের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মোহাভি মরুভূমিতে গোল্ডস্টোন নামের সোলার সিস্টেম রেডার অ্যানটেনা ব্যবহার করে আগামী জানুয়ারিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে গ্রহাণুটির ওপর নজর রাখবে তারা। তবে মিনি মুনের ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে। ‘৫ মি ২০০৬ আরএইচ ১২০’ নামের ছোট চাঁদটি প্রায় এক বছর ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করেছে। ‘২০২০ সিডি ৩’ নামের আরেকটি ছোট চাঁদ ২০২০ সালের মে মাসে পৃথিবীর কক্ষপথ ছেড়ে যাওয়ার আগে বেশ কয়েক বছর পৃথিবীর কক্ষপথে অবস্থান করেছিল।
