জুলাই-আগস্ট

নিহত পুলিশ সদস্যদের পরিবার পেল অনুদান

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৭:২৩ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই-আগস্টে বিভিন্ন সময় দায়িত্ব পালনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৪ জন সদস্য নিহত হয়। এদের মধ্যে পাঁচজনের পরিবারকে ৩ লাখ করে মোট ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ডিএমপির নিজস্ব তহবিল থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। পর্যায়ক্রমে অন্য পরিবারকেও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। ডিএমপি কমিশনারের পক্ষে এই আর্থিক অনুদান তুলে দেন সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্মকর্তারা।

গতকাল বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর নির্দেশে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত পুলিশ সদস্যদের প্রত্যেকের বাসায় গিয়ে তাদের খোঁজ-খবর নেন এবং অনুদানের অর্থ প্রধান করেন। অনুদানের টাকা হস্তান্তরের সময় ডিএমপি কমিশনার নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকা ও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। যাদের পরিবার আর্থিক অনুদান প্রাপ্ত হয়েছেন তারা হলেন, পুলিশ ইন্সপেক্টর মো. রাশেদুল ইসলাম, এসআই খগেন্দ্র চন্দ্র সরকার, এএসআই ফিরোজ হোসেন, কনস্টেবল খলিলুর রহমান ও কনস্টেবল মো. শাহিদুল আলম।

উল্লেখ্য, গত শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় ডিএমপির কমিশনার গত জুলাই-আগস্টে নিহত ডিএমপির ১৪ জন সদস্যের প্রত্যেকের পরিবারকে ডিএমপির নিজস্ব তহবিল থেকে ৩ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া তিনি ব্যক্তিগত ভাবে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করা এবং সর্বোচ্চ সহযোগিতার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত