অগ্রিম বুকিংয়ে ঝড় তুলতে যাচ্ছে ‘পুষ্পা ২’

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম

‘পুষ্পা’র থেকে যে ‘পুষ্পা ২’ আরও বেশি ঝাঁঝালো, তার প্রমাণ মিলেছে ট্রেলারে। আর সেই ঝাঁঝেই যে কাবু হতে চলেছে দর্শক, তার ইঙ্গিত পাওয়া যাবে অগ্রিম বুকিংয়ে। এমনটাই মনে করছেন ট্রেড অ্য়ানালিসিস্টরা। তাদের মতে, অগ্রিম বুকিংয়ে বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে আল্লু অর্জুনের এই সিনেমা। 

আগামী ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। তার আগে ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘পুষ্পা ২’র অ্যাডভান্স বুকিং। ইতিমধ্য়েই এই ছবি ঘিরে দর্শকের যা আগ্রহ, তা দেখে বিশেষজ্ঞরা বলছেন, অগ্রিম বুকিংয়ে প্রথম সপ্তাহে ৪৫ কোটির অঙ্ক ছাড়াবে পুষ্পা ২। 

হিসেব বলছে, শাহরুখের ‘জওয়ান’ প্রথম সপ্তাহে অগ্রিম বুকিংয়ে ৩৫ কোটির ব্যবসা করেছিল। অন্যদিকে দক্ষিণী ছবি ‘কেজিএফ’ ৪০ কোটির রুপির ব্যবসা করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, এই দুই ছবির রেকর্ডই এবার ভাঙবে ‘পুষ্পা ২’।

প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে।

দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডে-তেই কেজিএফ ২-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে। ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে বড়সড় বদল রয়েছে। ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের।

পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। 

মাসখানেক আগে মুক্তি পাওয়া ‘পুষ্পা ২- দ্য় রুল’ ছবির টিজার। প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা। টিজার দেখার পর থেকেই এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এবার শীতকালীন বক্স অফিসে ঝড়ো হাওয়া দেখার পালা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত