২০২৪-২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশের অর্থনীতি ধারাবাহিকভাবে অস্থিতিশীলতা কাটিয়ে উঠেছে। কিছু খাতে উন্নতিও হয়েছে। এ সময় আমদানি, রপ্তানি, প্রবাসী আয় ও বিদেশি মুদ্রার রিজার্ভ বেড়েছে।
কিন্তু উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ে ঘাটতি, সরকারি ব্যয়হ্রাস, কর্মসংস্থান ও বিনিয়োগের গতি কমে যাওয়ার মতো সমস্যা আছে বলে জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।
অর্থনীতির ত্রৈমাসিক পর্যালোচনায় এমসিসিআই বলেছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের অভ্যন্তরীণ ঋণপ্রবাহ কমে গেছে। এ সময় ঋণপ্রবাহ বৃদ্ধির হার ছিল ৯ দশমিক ১০ শতাংশ। আগের বছরের একই সময়ে যা ছিল ১২ দশমিক ৮৯ শতাংশ।
দেশীয় ঋণের মধ্যে বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ২০ শতাংশ। বেসরকারি ঋণপ্রবাহ অবশ্য তেমন একটা কমেনি। কিন্তু এ সময় সরকারি খাতের ঋণ ও ব্যয় অনেকটাই কমেছে।
এমসিসিআই দেখিয়েছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সরকারের ঋণ নেওয়ার প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৭৫ শতাংশ। আগের বছরের একই সময়ে যা ছিল ২৬ দশমিক ২৭ শতাংশ।
