চট্টগ্রামে তিন মন্দিরে হামলা-ভাঙচুরের অভিযোগ

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৭:২৪ এএম

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের তিনটি মন্দিরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরীর পাথরঘাটার হরিশ চন্দ্র মুন্সেফ লেনে শান্তনেশ্বরী মাতৃমন্দির এবং তার পাশের শনি মন্দির ও শান্তনেশ^রী কালীবাড়িতে হামলার ঘটনা ঘটে বলে ভাষ্য মন্দির পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের।

তারা বলেন, কয়েকশ লোক বিভিন্ন সেøাগান দিয়ে মন্দির লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং শনি মন্দিরে ভাঙচুর করে। অন্য দুই মন্দিরের ফটক ভাঙচুর করা হয়।

তবে পুলিশ বলছে, দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপের পর একটি মন্দিরের ‘সামান্য’ ক্ষতি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শান্তনেশ্বরী মূল মন্দির পরিচালনা কমিটির স্থায়ী সদস্য ও হরিশ চন্দ্র মুন্সেফ লেনের সর্দার তপন দাশ গণমাধ্যমকে বলেন, ‘দুপুরে নামাজের পর কয়েকশ লোকের একটি মিছিল আসে। এ সময় তারা হিন্দু ও ইসকনবিরোধী স্লোগান দিতে থাকে। মিছিল থেকে দুর্বৃত্তরা শান্তনেশ্বরী মন্দিরের মূল ফটকের গেটে আঘাত করতে থাকে, কোপায় ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় তারা শনি মন্দিরে ভাঙচুর চালায় এবং রক্ষা কালীমন্দিরেও হামলা চালায়। আশপাশের কয়েকটি দোকানেও হামলা হয়। আমাদের পক্ষ থেকে হামলাকারীদের কোনো বাধা দেওয়া হয়নি। পরিস্থিতি বেগতিক দেখে সেনাবাহিনীর সদস্যদের ফোন দিলে দ্রুত তারা সেখানে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, ‘দুপুরের আগে থেকেই মূল মন্দির এবং অন্য দুটি মন্দিরের সব ফটক বন্ধ করা ছিল। কোনো কারণ ছাড়াই মিছিল করে এসে এ হামলা চালানো হয়।’

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, ‘দুর্বৃত্তরা এসে মন্দিরে হামলার চেষ্টা করে। উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। এ সময় দুর্বৃত্তরা ছোট একটি মন্দিরে হামলা করে। পুলিশ উভয়পক্ষের মাঝখানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।’ বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি আবদুল করিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত