রাজধানী ঢাকায় গুমের শিকার কয়েকটি পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা ও ‘দেশমাতা ফাউন্ডেশনের’ প্রধান সমন্বয়ক ব্যারিস্টার আবু সায়েম। এ সময় তার সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশ ছেড়ে যাওয়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে প্রায় ৬০০ মানুষ গুমের শিকার হয়েছিল। এর মধ্যে ৩০টি পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিয়মিত ‘মাসিক শিক্ষা ভাতা’ প্রদান করে থাকে দেশমাতা ফাউন্ডেশন।
গতকাল ব্যারিস্টার আবু সায়েম রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে সংশ্লিষ্ট গুমের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় তিনি শিশুদের সঙ্গে কথা বলেন, গল্প করেন এবং পড়ালেখাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তাদের কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ব্যারিস্টার আবু সায়েম।
একপর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের সমাধিতে ফাতিহা পাঠ শেষে গুমের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীর একটি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজে অংশ নেন ব্যারিস্টার সায়েম। এ ছাড়া স্বজন হারানো এসব ছোট্ট শিশুদের হাতে উপহারসামগ্রী তুলে দেন তিনি।
