সিরি এ-তে ইন্টার মিলানের বিপক্ষে রবিবার ম্যাচে মাঠে পড়ে যান ফিওরেন্টিনার মিডফিল্ডার এদোয়ার্দো বোভ। খেলার ১৫ মিনিটের পর ঘটনাটি ঘটে। বুটের লেস ঠিক করে উঠে বোভে কয়েককদম হাটার পর হঠাৎ করেই ২২ বছর বয়সী এই খেলোয়াড় মাটিতে লুটিয়ে পড়েন।
টিভি ক্যামেরায় দেখা যায়, তার সতীর্থরা দ্রুত ফিজিওদের মাঠে ডাকছেন। মেডিকেল টিম দ্রুত মাঠে পৌঁছে বোভকে ঘিরে চিকিৎসা শুরু করে, আর খেলোয়াড়রা মানবঢাল তৈরি করে তাকে ঘিরে রাখেন। তবে অ্যাম্বুলেন্স মাঠে আসতে দেরি হওয়ায় খেলোয়াড় ও দর্শকরা উদ্বেগ প্রকাশ করেন এবং তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
শেষ পর্যন্ত বোভকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কাই ইতালিয়ার মাধ্যমে গ্যাব্রিয়েল মার্কোত্তির দেওয়া তথ্য অনুযায়ী, বোভ হাসপাতালে পৌঁছানোর সময় শ্বাস নিচ্ছিলেন, কিন্তু ছিলেন অচেতন। পরে জানা যায়, তিনি চেতনা ফিরে পেয়েছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
ঘটনার প্রভাব এতটাই গভীর ছিল যে, ফিওরেন্টিনা ও ইন্টারের খেলোয়াড়রা মানসিকভাবে খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না। গাজেত্তা দেলো স্পোর্ট জানায়, উভয় দলের খেলোয়াড়দের অনেকেই চোখের জল আটকে রাখতে পারেননি।
এই হৃদয়বিদারক ঘটনায় পুরো ফুটবল বিশ্বই শোকাহত। বোভের দ্রুত সুস্থতা কামনা করেছেন সবাই।
