জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, তরুণ প্রজন্ম ২০২৪ গণ-অভ্যুত্থানে যে স্পিরিট নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। ওই স্পিরিট যেন থাকে, সামনে আবারও এমন সংকট তৈরি হলে তারা যেন ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে নামতে পারে, একসঙ্গে লড়াই করতে পারে, এই স্পিডটা ধরে রাখার জন্য আমরা দেশের বিভিন্ন এলাকায় কাজ করছি।
গতকাল রবিবার দুপুরের পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে সারজিস এসব কথা বলেন। সারজিস আলম বলেন, আমরা বিভিন্ন এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শিক্ষকদের সঙ্গে পরিচিত হচ্ছি। স্কুল-কলেজের অসংখ্য সমস্যা রয়েছে, অসংখ্য সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো জানা এবং সম্ভব হলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা, সমস্যাগুলো দেশের সামনে তুলে ধরা। আমরা মনে করি, এগুলো আমাদের দায়িত্ব।
