গুপ্তধন ভেবে গ্রেনেড লুকিয়ে রেখেছিলেন কৃষক

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ এএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে এক কৃষকের বাড়ি থেকে গ্রেনেড উদ্ধার করেছে পাটগ্রাম থানা-পুলিশ। ওই কৃষকের নাম লেবু মিয়া (২৫)। তিনি উপজেলার বাউরা ইউনিয়নের মোফাজ উদ্দিনের ছেলে। লেবু মিয়া ইউনিয়নের সানিয়াজান নদীতে মাটি কাটতে গিয়ে পুরাতন একটি গ্রেনেড পেয়ে প্রথমে গুপ্তধন ভেবে রেখে দিলেও পরে পুলিশের কাছে হস্তান্তর করেন।

গতকাল সোমবার পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেন।

পাটগ্রাম থানার পুলিশ জানায়, প্রায় এক মাস আগে লেবু মিয়া বাউরা ইউনিয়নের নবীনগর এলাকায় সানিয়াজান নদী থেকে মাটি কাটতে গিয়ে গ্রেনেডটি পান। প্রথমে এটিকে গুপ্তধন ভেবে গোপনে বাড়িতে এনে রেখে বিভিন্নভাবে আঘাত করে এটিকে ভাঙার চেষ্টা করেন। অবশেষে গত রবিবার রাতে বুঝতে পারেন এটি গুপ্তধন নয়, হয়তো পুরাতন গ্রেনেড হবে। তখন তিনি বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় নবীনগর ক্যাম্পে জানান। বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার মজিবুর রহমান বিষয়টি পাটগ্রাম থানা-পুলিশকে জানালে পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে। এটি আকারে ছোট হওয়ায় হাতের মুঠোয় রাখা সম্ভব।

পাটগ্রাম থানার ওসি বলেন, এটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বিস্ফোরক ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত