কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঝমাঠ থেকে ক্রিকেটের উইকেট তোলা হয়েছে গতকাল সোমবার বিকেলে। তার আগ পর্যন্ত এখানে নিয়মিত হয়েছে হরেক রকমের ক্রিকেট টুর্নামেন্ট। অথচ এই মাঠকেই বাফুফে বেছে নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের জন্য। আজ মঙ্গলবার এখানে হতে যাচ্ছে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ। অথচ বাফুফের কর্তারাই স্বীকার করছেন এমন মাঠ শীর্ষপর্যায়ের ফুটবলের জন্য একেবারেই অনুপযোগী। তারপরও কেন তারা এ মাঠেই আজ আয়োজন করতে যাচ্ছে এই ম্যাচ? জানতে গিয়েই বের হয়ে এলো একটি দলের গোঁয়ার্তুমির ঘটনা। বাফুফে চেয়েছিল এই সপ্তাহে ফেড কাপের ম্যাচটি পূর্ব নির্ধারিত অন্য কোনো মাঠে সরিয়ে নিতে। তবে ব্রাদার্সের সাফ কথা এখানেই হতে হবে ম্যাচ! অগত্যা চোটের সর্বোচ্চ ঝুঁকি মেনেই আজ হবে ম্যাচ।
কুমিল্লার মাঠ অনুপযুক্ত বলে বাফুফে চেয়েছিল আজকের ম্যাচটা ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আয়োজন করতে। সেই মাঠে আজকের পূর্ব নির্ধারিত ফর্টিজ এফসি ও পুলিশ এফসির ম্যাচটি বাফুফে চেয়েছিল বসুন্ধরা কিংস অ্যারেনায় নিয়ে যেতে। তবে ব্রাদার্সের আপত্তির কারণে কুমিল্লা থেকে ম্যাচটা সরাতে পারেনি বাফুফে। অথচ কুমিল্লায় আজকের গুরুত্বপূর্ণ ম্যাচের আগেও হয়েছে অপেশাদার ক্রিকেট। সংবাদমাধ্যমগুলো ১ ডিসেম্বর এখানে খেলেছে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট! এর দুদিন আগে এই উইকেটেই হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ।
ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে না পারা প্রসঙ্গে বাফুফের সিনিয়র সহসভাপতি ও পেশাদার ফুটবল লিগ ম্যানেজমেন্ট কমিটির প্রধান ইমরুল হাসান কথা বলেছেন, যিনি আবার বসুন্ধরা কিংসেরও সভাপতি, ‘ব্রাদার্সের বিপক্ষে ম্যাচটা বসুন্ধরা কিংসের না হলে আমি নিশ্চিতভাবে ভেন্যু পরিবর্তন করতাম। আমরা চেয়েছিলাম এই ম্যাচটা ময়মনসিংহে নিয়ে যেতে। সে ক্ষেত্রে ময়মনসিংহের ম্যাচটা আমরা বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজন করতে চেয়েছিলাম। যাতে বিতর্ক না হয়, তাই বসুন্ধরা কিংসের ম্যাচ আমরা তাদের ভেন্যুতে আয়োজন করতে চাইনি। তিনটি দল এতে সম্মতি দিলেও ব্রাদার্স রাজি হয়নি। তাই বাধ্য হয়ে কুমিল্লাতেই ম্যাচটা আয়োজন করতে হচ্ছে।’ বাফুফের দায় মানতে রাজি নন ইমরুল। তার যুক্তি, এই মাঠগুলো ইতিমধ্যে লিগের ১০ দল নিজ নিজ ভেন্যু হিসেবে নিয়েছে। মাঠের দেখভাল করার দায়িত্বও এখন ক্লাবগুলোর, ‘লিগ শুরুর পর আমরা ফেডারেশন কাপ শুরু করতে যাচ্ছি। কুমিল্লা স্টেডিয়ামটি দুটি ক্লাবের হোম ভেন্যু। সেই ভেন্যুতে খেলার উপযোগী রাখার দায়িত্ব কিন্তু ক্লাবগুলোর, বাফুফের না।’
ব্রাদার্স ইউনিয়নও দিয়েছে পাল্টা যুক্তি। তাদের দাবি, প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের জন্য বেছে নেওয়া ভেন্যুগুলোর বেশিরভাগই খেলার অনুপযুক্ত। ব্রাদার্সের ম্যানেজার আমের খান আরও জানান, ভেন্যু পরিবর্তনের বিষয়টি তাদের আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বাফুফে জানায়নি, ‘এবার লিগ ও ফেডারেশন কাপের জন্য বেছে নেওয়া মাঠের বেশিরভাগের অবস্থাই খারাপ। বাফুফে এসব ভেন্যু আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। ব্রাদার্স শুরুতেই চিঠি দিয়ে বসুন্ধরা কিংসকে হোম ভেন্যু করতে চেয়েছিল। কিন্তু সেই অনুরোধ টিকেনি। পরে আর্মি স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়ামও চাই। সেগুলোও আমাদের দেওয়া হয়নি। শেষে মুন্সীগঞ্জের কথা বললে সম্মত হই। পরে অবশ্য জানতে পারি, সেই ভেন্যুতে দর্শক ও সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি নেই। সেটা জানার পর আমরা মুন্সীগঞ্জেও প্রথমে খেলতে অস্বীকৃতি জানাই।’ ম্যাচের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আমের খান বলেন, ‘মুখে বলা আর লিখিতভাবে জানানোর মধ্যে অনেক ফারাক আছে। বাফুফে আমাদের চিঠি দিয়ে কিছু জানায়নি। আমি মনে করি, এর দায় বাফুফের নির্বাচিত কোনো ব্যক্তির নয়। মাঠ যে খেলার উপযোগী নয়, সেটার খবর তো সর্বপ্রথম থাকতে হবে প্রফেশনাল লিগ আয়োজনের দায়িত্বে থাকা বিভাগের লোকজনের। তাদের কাছেই আসলে কোনো ধরনের কোনো তথ্য থাকে না। ফলে ভুগতে হয় ক্লাব ও খেলোয়াড়দের। আর দোষ গিয়ে পড়ে বাফুফের শীর্ষ কর্তাদের ওপর।’
কুমিল্লা ভেন্যুর এই নাটকের মধ্য দিয়ে আজ শুরু হবে মর্যাদার ফেডারেশন কাপ। প্রতিকূল মাঠে বসুন্ধরা কিংস নামবে শিরোপা ধরে রাখার মিশনে।