দিরাইয়ে আধিপত্য বিস্তারে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩০

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম

সুনামগঞ্জর দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুলিবিদ্ধরা হলেন- মুহিবুর রহমান চৌধুরী (২৫), আঞ্জু চৌধুরী (২৩), সোহেল চৌধুরী (২৫), জুয়েল চৌধুরী (৪০), আকমল চৌধুরী(৬২), কনর চৌধুরী (৫৫), শুভ চৌধুরী (২৭), ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫), তাসিম চৌধুরী (২৮) । তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। 

জানা যায়, দিরাইয়ের রাড়ইল গ্রামের আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সাথে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর লোকের সাথে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে চলছিল। এরই জের ধরে সকালে আনু চৌধুরীর দায়ের করা একটি মামলায় তদন্তে করতে রাড়ইল গ্রামে যায় দিরাই থানা পুলিশ।  মামলা তদন্ত শেষ করে পুলিশ গ্রাম থেকে চলে আসার পরেই সকাল থেকে দুপক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। যা অবশেষে বিকেলে রক্তক্ষয়ী  সংঘর্ষে পরিণত হয়। এতে দুপক্ষের ১০ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক প্রশান্ত দাস দেশ রূপান্তরকে জানান, দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় ১০ জন হাসপাতালে আসলে উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। তবে আমরা অস্ত্র উদ্ধার ও আসামিদের ধরতে অভিযান পরিচালনা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত