ফেনসিডিলসহ সাবেক রেলমন্ত্রী সুজনের ব্যক্তিগত কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০২:১২ এএম

নীলফামারীতে সাবেক রেলপথমন্ত্রী নূরল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তাকে  ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে নীলফামারীর ডোমার থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মাহিগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় আরো একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী সুজনের ব্যক্তিগত কর্মকর্তা দীপঙ্কর রায় মিঠু (৩৭) এবং নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ কেতকীবাড়ি পাঠানপাড়া এলাকার বাসিন্দা মনছুর আলী (৪০)।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জানতে পারি ওই এলাকায় মাদক কেনা—বেচা চলছে। অভিযানে আমরা ১০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তাদের আদালতের মাধ্যমে নীলফামারী কারাগার পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত