২০০ টাকা হচ্ছে সব সরকারি চাকরির আবেদন ফি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ এএম

বিসিএসসহ সব সরকারি, ব্যাংক, বীমা ও আধা-সরকারি চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা করা হবে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। গতকাল বুধবার সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বিসিএসের আবেদন ফি অর্ধেক করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রস্তাবে বলা হয়েছিল, বিসিএসের আবেদন ফি ৭০০ টাকার অর্ধেক করা যায়।

সচিব কমিটির বৈঠক শেষে আবেদন ফি ২০০ টাকার বিষয়টি নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের বলেন, একই সঙ্গে বিসিএসে প্রতিবন্ধী আবেদনকারীদের অন্যদের মতো নির্ধারিত ফির বাইরে বাড়তি কোনো অর্থ দিতে হবে না। তিনি বলেন, ‘বিসিএসে পিএসসিতে আবেদনের ক্ষেত্রে আগে ছিল ৭০০ টাকা, তারা প্রস্তাব করেছেন ৩৫০ টাকা। কিন্তু আজ (গতকাল) সচিব কমিটি সিদ্ধান্ত নিয়েছে এটা হবে ২০০ টাকা। পিএসসিতে ৪৭তম বিসিএসে আবেদন করতে হলে ২০০ টাকা লাগবে। আরেকটি বিষয় ছিল আমরা মনে করেছিলাম এটা কম, কিন্তু এটা কম নয়, যারা প্রতিবন্ধী প্রার্থী তাদের আলাদা একটা ফি ছিল সেটা ১০০ টাকা। এটা কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব এসেছিল। ৫০ টাকা মানে কী? তারা যে টাকা (অন্যদের মতো ফি) দিত, সেটার অতিরিক্ত এই টাকা দিত হতো, তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। আজ থেকে এই অতিরিক্ত টাকাটাও দেওয়া লাগবে না। আবেদন ফি সবার জন্য সমান।

বিসিএসে চাকরিপ্রার্থীদের আবেদনের ফি কমানোর বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে আদেশ জারি করা হবে বলে জানান মোখলেস উর রহমান।

জ্যেষ্ঠ সচিব আরও বলেন, অর্থ বিভাগের মাধ্যমে আরেকটি আদেশ জারি হচ্ছে। সেটি হচ্ছে, ব্যাংক, বীমা, আধা-সরকারি যেটাকে আমরা বলি এক্সটেনশন অব দ্য গভর্নমেন্ট, এমন যেকোনো প্রতিষ্ঠানের চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা।

এখন অনেক ব্যাংক-বীমা এমন প্রতিষ্ঠান রয়েছে, ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকাও আবেদন ফি নিয়ে থাকে। চাকরি হয় দুজনের হয়তো ২০০ লোক আবেদন করে, আমি আর হাজারে গেলাম না। তিনি আরও বলেন, আমরা অর্থ বিভাগের চিঠিতে একটি লাইনের অনুরোধ দিয়ে দেব, বেসরকারি প্রতিষ্ঠানও যাতে এই অনুশাসনটা মেনে চলার চেষ্টা করে।

মোখলেস উর রহমান বলেন, এই অনুরোধটা আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও জানাতে পারি। সবটা হলো আমাদের জনগণের জন্য। ওরাও যে ব্যবসা করে জনগণের জন্য, আমরা যে চাকরি দিই, নিই জনগণের জন্য। প্ল্যাটফর্মটা একই হওয়া উচিত। এক সপ্তাহের মধ্যে ফি কমানোর প্রজ্ঞাপন জারি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত