গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসে সিরাজদিখানে মিছিল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের রামকৃষ্ণদীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এই আনন্দ মিছিল হয়। এতে অংশ নেন স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, বিজয়ের মাসে প্রথম দিনে আরেকটি বিজয়ের খবর এসেছে। বিগত দিনগুলোতে বিএনপি ন্যায়বিচার পায়নি। মিথ্যাভাবে আওয়ামী লীগ সরকারের সাজানো ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। উচ্চ আদালত সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। তারেক রহমান সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

জেলা যুবদলের সাবেক নেতা দেলোয়ার হোসেন সারেংয়ের সভাপতিত্বে এ সময় সিরাজদিখান উপজেলা শ্রমিক দল সভাপতি নজরুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, বিএনপি নেতা হুমায়ূন বেপারি, মাহবুব ভূইয়াসহ প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত