নাটোরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ পিএম

নাটোরে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে শহরের জেলা পরিষদের অনিমা চৌধুরী মিলনায়তনে এই সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির সদস্য মনিরা শারমিন, তাহসিন রিয়াজ ও সাঈদ মোস্তাফিজ।

তারা বলেন, আওয়ামী লীগ শাসনামলে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতনের শিকার হয়েছে, সেসব ঘটনার কোনো জবাব তো ভারত কখনো চায়নি। ৫ তারিখের পর থেকে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন ইস্যুতে দেশকে অস্থিতিশীল করতে পায়তারা করছে। যারা এইসব ইস্যুতে ষড়যন্ত্র করছে তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে।  ছাত্র আন্দোলনে হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে চাঁদাবাজির জন্য নয়। আমাদের সাথে কারো শত্রুতা নাই, তবে দুর্নীতি, চাঁদাবাজির ব্যাপারে কোনো আপোস নাই।

তারা আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা বুলেটের ভয় পাইনি, এখন আমাদের ব্যালটের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা থানাসহ বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করবো যাতে তরুণরা তৃনমুল থেকে রাজনৈতিকভাবে সবাইকে সচেতন করতে পারবে। এই রাজনীতি কোনো চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া যাবে না। 

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাটোরের সাবেক এমপি জুনাইদ আহমেদ পলকের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় ছিল। তার এই ভূমিকাতে নাটোরবাসী লজ্জিত। বাংলাদেশে আমরা সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নাটোরের তৌফিক নিয়াজ, সৈয়দ মিলন, শিশির, রবিন আহমেদ তামিমসহ অনেকে বক্তব্য রাখেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত