জামায়াতে ইসলামী এমন সমাজ চায় যেখানে মানুষের সব অধিকারের নিশ্চয়তা থাকবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি যে সমাজে সব নাগরিকের অধিকারের নিশ্চয়তা থাকবে। সে লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর ১৩-এর ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে কাফরুল উত্তর থানা জামায়াতের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র উপহার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘আমাদের দেশের রাজনীতিতে একটি স্লোগান আছে যে ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। কিন্তু আমাদের দেশের প্রচলিত রাজনীতিতে এর কোনো প্রতিফলন লক্ষ করা যায় না। জামায়াতও রাজনৈতিক ময়দানে একই স্লোগান দিয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হলো আমরা সে স্লোগান দিয়েই আমাদের দায়িত্ব শেষ করি না বরং তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য চেষ্টা করে থাকি।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে গণমানুষের কল্যাণে কাজ করার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। আর মানুষের জন্য আমাদের এই কল্যাণকামিতা আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সবাইকে এক দফায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।’
জামায়াতের আমির বলেন, ‘এখনো রাজধানীতে শীত জেঁকে বসেনি। কিন্তু আমরা সম্ভাব্য শীত মোকাবিলায় অগ্রিম প্রস্তুতির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা ভালো কাজের সব কৃতিত্ব নিতে চাই না বরং আমরা অন্যদের পথ দেখানোর চেষ্টা করছি মাত্র। আমরা আশা করব সবাই এই মহতী কাজে এগিয়ে আসবেন এবং বিপন্ন ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন।’
তিনি জামায়াতের কল্যাণকামী তৎপরতার কথা উল্লেখ করে বলেন, ‘জামায়াত মানুষের কল্যাণের জন্য বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ সাধারণ মানুষের জন্য মেডিকেল সার্ভিসও দিয়ে যাচ্ছি। আমরা অ্যাম্বুুলেন্সসহ লাশবাহী গাড়ির সেবা দিয়ে থাকি। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি যে সমাজে সব নাগরিকের অধিকারের নিশ্চয়তা থাকবে। সে লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তাসলিম, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য শহিদ উল্লাহ, অধ্যাপক আনোয়ারুল করিম, শাহ আলম তুহিন প্রমুখ।
