ব্লক থেকে পা পিছলে নদীতে পড়ে নিহত শিক্ষার্থী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম

বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ব্লকের ওপর থেকে পা পিছলে বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রবিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানিয়েছেন।

মৃত মো. আবির হাসান হিরা (১৭) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নাছনাপাড়া মদিনাবাদ এলাকার মো. রাশেদের ছেলে এবং বরিশাল নগরীর অমৃত লাল দে কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র।

এ বিষয়ে বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ভাঙ্গার পাড় এলাকায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিল। ছবি তোলার সময়ে পা পিছলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে নৌপুলিশ যায়। অনেক খোঁজাখুঁজির পর ঘটনাস্থলের অদূরে নিখোঁজ ছাত্রের মরদেহ ভাসতে দেখা যায়। পরবর্তীতে পরিবারের লোকজন খবর দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে দুপুর ১২টার দিকে ভাঙ্গারপাড় এলাকায় যায় নিহত আবির হাসন। পরে সাড়ে ১২টার দিকে তিনি নদীতে পড়ে যান। দুপুর আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত