ছাত্র-জনতার গণ-আন্দোলনে মানিকগঞ্জে শহীদ ও আহতদের স্বজনদের সঙ্গে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। গতকাল সোমবার সকালে তিনজন শহীদ ও আহত দুজনের পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের রূপসা গ্রামে শহীদ রফিকুল ইসলামের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শহীদ রফিকুল, আফিকুল ইসলাম সাদ ও ছায়াদ মাহমুদ খান এবং আহত সাকিব খান এবং হাসনা হেনার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ‘শেখ হাসিনা চাচ্ছিলেন প্রয়োজনে ১০ লাখ মারা যাক। খালেদা জিয়া ঘাতক শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করেননি। তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক বক্তব্য দিয়েছিলেন শেখ হাসিনা। এখন তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডনে বক্তব্য দেন। বাপের বেটি হয়ে থাকলে দেশে এসে বিবৃতি দেন।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। তারা বাংলাদেশে বিদ্যুৎ দেবে না বলে হুমকি দিচ্ছে। আলু, পেঁয়াজ দেবে না... আপনারা মাগনা দিচ্ছেন নাকি? আপনারা না দিলে আমাদের টাকা দিয়ে বিদ্যুৎ তৈরি করব, আলু, পেঁয়াজ বেশি করে আবাদ করব।’
আগামীতে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করে রিজভী বলেন, ‘বিএনপিতে কেউ অনিয়ম করলে ছাড় দেওয়া হচ্ছে না।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা, বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত ও ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা শারিফুল, মোহান, মিসবাহসহ মানিকগঞ্জ জেলা ও স্থানীয় বিএনপির নেতারা।
