হাসনাত আবদুল্লাহ বললেন

ঐক্যের প্রতীক হিসেবে মাঠে ছাত্র আন্দোলন

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ক্রিয়াশীল সংগঠন নয়। ফ্যাসিবাদবিরোধী যে শক্তিগুলো ছিল ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদসহ সবাইকে একত্র করার জন্য জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে মাঠে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গতকাল বুধবার ঢাকা কলেজের অডিটোরিয়ামে আয়োজিত জুলাই গণ- অভ্যুত্থানে ‘ঢাকা কলেজের অবদান’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমাদের আওয়ামী লীগের জাহেলিয়াতের যুগ পার করতে হয়েছে। এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। কিন্তু কখনো ভাবতে হয়নি আমাদের বাসায় পুলিশ যাবে। আমরা অধিকাংশ সময় দেখি দেশের কিছু টকশোজীবী আহাজারি করে বলেন, চারপাশে আমরা কী পেলাম? দেশ রসাতলে গিয়েছে! ক্ষোভ-কষ্ট তারা বর্ণনা করতে থাকেন। কিন্তু গত ১৬ বছরে এ আহাজারি অন্যায়, গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে টকশোতে প্রকাশ করতে দেখিনি। তরুণ প্রজন্মের ক্রোধ রয়েছে, যারা ফ্যাসিবাদের হয়ে লিখে গেছেন। ক্ষোভ রয়েছে সেসব বিচারপতির বিরুদ্ধে, যারা কলম দিয়ে ইনসাফের পরিবর্তে জুলুম লিখেছেন। আমাদের ক্রোধ রয়েছে, সেসব শিক্ষকের প্রতি, যারা শান্তি সমাবেশে গিয়ে ফ্যাসিবাদের পক্ষে কথা বলেছেন, যেসব আমলা ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে ভ্যানগার্ড হিসেবে কাজ করেছেন, যেসব ব্যবসায়ী “মাদার অব টেরর” শেখ হাসিনার কাছে গিয়ে উন্নয়নের বাণী শুনিয়েছেন, যেসব পুলিশ জনগণের টাকায় কেনা অস্ত্র তাক করেছে নিরস্ত্র জনগণের প্রতিÑ এই দোসরদের প্রতি ক্রোধ রয়েছে তরুণ প্রজন্মের।’

নিহত ও আহতদের পরিবারের প্রতি দায়বদ্ধতা নিয়ে হাসনাত বলেন, ‘যে মায়েরা সন্তান হারিয়েছেন, যারা এতিম হয়েছেন, ভাইবোন হারিয়েছেন, যারা বিধবা হয়েছেন, তাদের রক্ত শুকানোর আগে স্বামীদের রাস্তার মধ্যে রক্ত দিতে হয়েছে, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমাদের ১৬ বছরের আঘাত কিছু বুদ্ধিজীবী-টকশোজীবী, যাদের ভারত থেকে ফাইন্যান্স করা হয়, তাদের কথা শুনে ভুলে গেলে চলবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত