ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদমান মতপার্থক্য দূর করবে বলে আশা করে যুক্তরাষ্ট্র। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলার পর ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। এই হামলাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত সপ্তাহে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে অবস্থান কর্মসূচিসহ বিক্ষোভের আয়োজন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নিপীড়নের অভিযোগ তুলে সেখানে তাণ্ডব চালায়। উগ্র হিন্দুত্ববাদীরা হাইকমিশনে হামলা চালিয়ে ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে।
ব্রিফিংয়ে এক সাংবাদিক ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চান। উত্তরে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশি কূটনৈতিক মিশনের ওপর সহিংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন। তিনি আরও বলেন, আমরা চাই সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক।
আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের ব্যানারে হামলার পর হাইকমিশন অফিসের পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। হাইকমিশনের সামনে জড়ো হওয়ার পর কড়া নিরাপত্তার মধ্যে একটি দল বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে স্মারকলিপি জমা দেয়। একপর্যায়ে কিছু মানুষ নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে হাইকমিশন চত্বরে প্রবেশ করে এই তাণ্ডব চালায়।
