‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে’ তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আপনাদের (অন্তর্বর্তী সরকার) কথাবার্তা এবং আচরণ কেন হাসিনার মতো হবে? আপনারা অগ্রযাত্রাকে সহযোগিতা করবেন। সরকারের সমালোচনা করা মানে ব্যর্থ করা নয়। এটিই গণতন্ত্রের রীতি।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকার নবী টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারগুলোর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘ড. ইউনূসের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে যদি বলি, তার মতো সর্বজনীন ব্যক্তি, যখন দেশের গণতন্ত্রকে আওয়ামী লীগ কুক্ষিগত করে রেখেছিল, খালেদা জিয়া যখন অত্যাচারিত হয়েছে, তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরী করে রাখা হলো, বিনাদোষে বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানো হলো, গুম-খুনে মেতে উঠেছিল। তখন তো তিনি (ড. ইউনূস) একটি বিবৃতি দিয়ে নিন্দা জানাননি। অথচ আপনার (ড. ইউনূস) প্রতি যখন অন্যায় হয়েছে, বিএনপি কিন্তু ঠিকই তখন প্রতিবাদ করেছে। জাতিকে যখন আওয়ামী লীগ দাসে পরিণত করেছিল, তখন জাতি প্রত্যাশা করেছিল ড. ইউনূস প্রতিবাদ জানাবেন, বিবৃতি দেবেন। ইংরেজ শাসনামলে ১৯১৯ সালে ইংরেজ সৈনিকরা যখন গুলি চালিয়ে হিন্দুদের হত্যা করল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া সম্মাননা প্রত্যাহার করেছিলেন।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আ ন ম সাইফুল ইসলাম, মকবুল হোসেন টিপুসহ যাত্রাবাড়ীর শহীদ পরিবারের সদস্যরা।
এদিকে গতকাল ‘বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের’ ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘দয়া করে ভালো (ভারত) হয়ে যান। বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবেন না। ড. ইউনূস বলেই দিয়েছেন পাশেই সেভেন সিস্টার। আমরা মাথা ঘামাতে চাই না। আমার দেশ একটি স্বাধীন দেশ। আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই। আমি স্বাধীনভাবে নির্বাচন করতে চাই। কারও হস্তক্ষেপ কামনা করি না। আপনার কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে। কিন্তু একবার আসেন, আপনাদের প্রতিহত করতে আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকই যথেষ্ট।’
তিনি বলেন, ‘আপনারা (ভারত) চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশে সেভেন সিস্টারের মতো এইট সিস্টার বানাবেন। কল্পনা করেই গেছেন, কিন্তু লাভ হয়নি। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন আপনার কাছে। যদি সত্যিই আপনারা গণতান্ত্রিক দেশ হন, শেখ হাসিনাকে ইউনূস সরকারের কাছে হস্তান্তর করা উচিত।’
নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
