চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সিভিল এভিয়েশনের অফিস সহায়ক ওসমান সিকদার (৪০) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পতেঙ্গা থানা পুলিশ। গ্রেপ্তার তিনজনই সিভিল এভিয়েশনের কর্মচারী।
তারা হলেন— ইব্রাহিম খলিল, মো. আরিফ এবং বাদল মজুমদার। গতকাল চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।
পুলিশ জানিয়েছে, ওসমান খুনের ঘটনায় বৃহস্পতিবার রাতে বাদী হয়ে পতেঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই এমরান সিকদার। এতে কত জনকে আসামি করা হয়েছে তা জানাতে পারেননি সিএমপির সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। এর আগে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিমানবন্দর সংলগ্ন পতেঙ্গা চরপাড়া লিংক রোডের পাশ থেকে ওসমান সিকদারের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ওসমান হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের রুহুল্লাহ গ্রামের মো. শাহ আলম সিকদারের ছেলে। থাকতেন বিমানবন্দর সংলগ্ন সরকারি আবাসিকের বাসায়। এ ঘটনায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। চোরাচালানির ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে ওসমান খুন হয়েছেন বলে ধারণা ঘটনার তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের।
বিমানবন্দর সূত্র জানাচ্ছে, বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে একটি প্রাইভেটকার নিয়ে আসে দুর্বৃত্তরা। এ সময় বিমানবন্দর কর্মচারীদের সরকারি কোয়ার্টারে ঢোকার প্রধান ফটকে (জাপানি গেইট) ওই প্রাইভেট কারটি আটকান কর্তব্যরত এক আনসার সদস্য। এ সময় জাপানি গেইট থেকে আনুমানিক ৩০০ গজ অদূরে দাঁড়িয়ে ছিলেন সিভিল এভিয়েশনের কর্মচারী (ইলেকট্রিশিয়ান) ইব্রাহিম খলিল (গ্রেপ্তার হয়েছেন)। তিনি (খলিল) দূর থেকে গেইটে দায়িত্বরত আনসার সদস্যকে দুর্বৃত্তদের বহন করা কারটি কোয়ার্টারে ঢুকতে দেয়ার জন্য হাতের ইশারা দেন। গাড়িটি কোয়ার্টারে ঢোকার ১৫ থেকে ১৭ মিনিটের মধ্যে জাপানি গেইট ত্যাগ করে। এ সময় ইব্রাহিম খলিল নিজেকে আড়াল করার চেষ্টা করলেও ধরা পড়ে যান সিসিটিভি ক্যামেরায়।
সূত্রটি জানায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিমানবন্দর আবাসিক এলাকায় রক্তাক্ত অবস্থায় মো. আরিফ নামের এক যুবককে (গ্রেপ্তার হয়েছেন) আটক করেন এক আনসার সদস্য। তার গ্রামের বাড়ি হাটহাজারীর মেখল ইউনিয়নের কাছিয়া বটতল এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ জুনু।
এ সময় জিজ্ঞাসাবাদে আরিফ আনসার সদস্যদের জানান, বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ওসমানকে তার বাসা থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ পতেঙ্গা থানায় বিষয়টি অবহিত করলে লিংক রোড থেকে ওসমানের লাশ উদ্ধার করে পুলিশ।
মার্চে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার
অস্ট্রেলিয়ায় আনুশকা ও বিরাট কোহলির বিবাহবার্ষিকী উদযাপন
ফ্যাসিস্টদের পতনের আন্দোলনে যারা নিগৃহীত হয়েছে তারা জাতীয় বীর