সিরিয়ায় নতুন করে বাস্তুচ্যুত ১১ লাখ মানুষ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ এএম

সিরিয়ার বিদ্রোহীদের ১২ দিনের অভিযানের মুখে গত রবিবার ক্ষমতাচ্যুত হন সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বাশারকে উৎখাতের লক্ষ্যে বিদ্রোহীদের এ অভিযান শুরুর পর থেকে প্রায় ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা। সংস্থাটি বলেছে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় এখনো বিভিন্ন গোষ্ঠীদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সমন্বয়ের কার্যালয় জানায়, ২৭ নভেম্বর হামলা শুরুর পর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ১১ লাখ মানুষ নতুনভাবে বাস্তুচ্যুত হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। বাস্তুচ্যুতদের মধ্যে এক লাখেরও বেশি মানুষ উত্তর সিরিয়ার কুর্দিশাসিত এলাকায় সশস্ত্র গোষ্ঠীদের ক্রমবর্ধমান লড়াই ও প্রতিশোধমূলক হামলার ভয়ে পালিয়ে গেছে।

আলেপ্পোর উত্তর-পূর্বে মানবিজ শহর ও পূর্ব সিরিয়ার মিশ্র আরব ও কুর্দি শহর দেইর ইজ্জোরে প্রাথমিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে আসাদ বাহিনীর পতনের পর, যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের অধীনে কুর্দি ও আরব ইউনিটগুলো অগ্রসর হয়েছে। সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলে বেশ কিছু এলাকা সুরক্ষিত করার প্রচেষ্টায় কিছু স্থানে সিরিয়ান ন্যাশনাল আর্মির তুর্কি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গেও সংঘর্ষ হয়েছে তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত