চেনা ভেন্যুতে নামবে বাংলাদেশ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ এএম

ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে নৈপুণ্যে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের জয় দিয়ে প্রথম টেস্ট হারের ক্ষতে প্রলেপ দিলেও প্রিয় ফরম্যাট ওয়ানডেতে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে। ওই দুই সিরিজের পর এবার টি-টোয়েন্টি ফরম্যাটে লিটন দাসের দলকে মুখোমুখি হতে হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। কিংস্টনের সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেল গ্রাউন্ডে ক্রিকেট মাঠে সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ ও উইন্ডিজ।

কিংস্টনের উইকেট সাধারণত লো-স্কোরিং। বোলিং সহায়ক তবে স্পিনাররা বেশি সুবিধা পেয়ে থাকেন। এই মাঠে টি-টোয়েন্টিতে গড় রান ১২০-১৩০ এর মধ্যে ওঠানামা করে। টি-টোয়েন্টি সিরিজের প্রতি ম্যাচ এই মাঠেই হবে। এখন পর্যন্ত এই মাঠে সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। বাংলাদেশ খেলেছে তিনটি, যেখানে তারা দুটি জয় ও একটিতে হেরেছে। সাতটির তিনটিতেই জড়িয়ে আছে বাংলাদেশের নাম। তাই চেনা ভেন্যুতেই নামবে বাংলাদেশ।

এই মাঠে সর্বোচ্চ রানটাও বাংলাদেশের। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫ উইকেটে ১৫৯ রান দাঁড় করিয়েছিলেন নাজমুল হোসেন শান্তরা। একই আসরে নেপালের বিপক্ষে এই মাঠে তানজিম হাসান সাকিব ৭ রানে ৪ উইকেট শিকার করেছিলেন। যা এই মাঠে টি-টোয়ান্টিতে সেরা বোলিং। বাংলাদেশি বোলারদের মধ্যে রিশাদ হোসেন সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেছেন। উইন্ডিজ এই ভেন্যুতে তৃতীয় টি-টোয়েন্টি খেলবে আজ।

টি-টোয়েন্টির ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসের এই মাঠে ৫৪ রানের ইনিংস আছে। দলে না থাকা সাকিব আল হাসানের আছে ইনিংসে ৬৪ রানের ইনিংস। বাংলাদেশ সময় সোমবার সকালে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামার আগে এসব পরিসংখ্যান দেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগাবে।

তবে বাংলাদেশের ড্রেসিংরুমে সবচেয়ে বড় প্রেরণাটি হতে পারেন সৌম্য সরকার। সম্প্রতি গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অসাধারণ ফর্মে ছিলেন। তিনি বলেন, ‘যদি আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি, তবে উইন্ডিজের বিপক্ষে ভালো কিছু করা সম্ভব।’ সৌম্য আশা করছেন, বোলাররা তাদের পুরনো ফর্ম ফিরে পেলে, বাংলাদেশ একটি দুর্দান্ত সিরিজ উপহার দিতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত