রাজধানীর গুলিস্তানে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিটুনির এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ওই যুবকের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার এসআই সুব্রত পাল দেশ রূপান্তরকে বলেন, সন্ধ্যায় খবর পাই, গুলিস্তান স্কয়ার মার্কেটের সামনে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে ধরে পিটুনি দিয়েছে লোকজন। পরে তাকে পাশের আহাদ পুলিশ বক্সের পুলিশ সদস্যদের সহযোগিতায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
এই পুলিশ কর্মকর্তা জানান, তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। পরনে ছিল জিন্সের প্যান্ট ও ফুল হাতা গেঞ্জি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
