নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণাকে স্বাগত জামায়াতের

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ এএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘বিলম্বে হলেও নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণাকে আমরা স্বাগত জানাই। নির্বাচন করতে হলে ভোটার তালিকা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই ভোটার তালিকা নিখুঁত করতে হবে। নির্বাচনের এই অন্যতম উপকরণে যেন কোনো ভুল-ভ্রান্তি বা গোঁজামিল না থাকে। শুধু ভোটার তালিকা না, এ ধরনের আরও যেসব অপরিহার্য কাজ, তা শেষ করতে হবে। আর এ কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারকেই। অন্তর্বর্তী সরকারের কাছে কেমন নির্বাচন চান জানতে চাইলে জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, ‘নির্বাচনটি যেন হয় রোল মডেল। দেশের পাশাপাশি সারা বিশে^ যেন প্রশংসিত হয়। তা যেন কোনোভাবেই ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর মতো না হয়।’

বিদেশি শক্তির হস্তক্ষেপকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের দেশে তো আবার কেবল নিজেদের ইচ্ছেতে সব হয় না, এখানে বিদেশি শক্তিও মাথা ঘামায়। ছাত্র-জনতার বৈষম্যহীন স্পিরিট (চেতনা) ভুলে গিয়ে যেন নির্বাচন না হয়। সেদিকেও নজর রাখতে হবে অন্তর্বর্তী সরকারকে।

নির্বাচনের তফসিল ঘোষণার পর সেখানে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা জনগণ নির্ধারণ করবে।

গতকাল সোমবার সকালে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন নিয়ে সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘দেশে এবং দেশের বাইরে সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে বিগত সময়ে যারা ভুয়া ভোটার হয়েছেন, এক জায়গায় থেকে অন্য জায়গার ভোটার হয়েছেন তাদের তালিকা থেকে বাদ দিতে হবে। আর এগুলো করতে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সবটাই এই সরকারকে করতে হবে। এটি বাস্তবায়নে কোনো টালবাহানা হলে আমরা বরদাস্ত করব না।’

বিএনপিসহ কিছু রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে। বিএনপি সুনির্দিষ্ট করে বলেছে, বর্তমান সরকার যেন ভোটার তালিকা আপডেট এবং পুলিশসহ পুরো প্রশাসন নিরপেক্ষা করে নির্বাচন আয়োজন করে। আর জামায়াতে ইসলামী বলেছিল পূর্ণাঙ্গ সংস্কার শেষে নির্বাচন হতে হবে।

গতকাল সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন। সেখানে তিনি বলেন, ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত