জামালপুরে শহীদ পরিবারের পাশে তারেক রহমান

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ এএম

ছাত্র-জনতার গণআন্দোলনে জামালপুর জেলায় শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। গতকাল মঙ্গলবার দুপুরে শহীদ ১৭ জনের পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।

জামালপুর পৌর শহরের শফি মিয়া বাজারসংলগ্ন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় শহীদ ১৭ জনের স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আপনারা জানেন জামালপুর অত্যন্ত ঐতিহাসিক একটা জায়গা। জামালপুর প্রথমে ৪ ডিসেম্বরে স্বাধীন হয়েছিল, কামালপুরে। এই স্বাধীনতা এখান থেকেই শুরু হয়েছিল। সেই স্বাধীনতা অর্জন করে আমরা স্বাধীনতার ফল ভোগ করতে পারলাম না শুধু প্রয়াত শেখ মুজিব এবং তার কন্যার (শেখ হাসিনা) কারণে। তার কন্যা বিগত ১৫ বছরে আমাদের এমন কিছু নেই, রাষ্ট্রকাঠামো সবকিছু ভেঙে দিয়েছেন। হত্যা, গুম, খুন, রাহাজানি, লুটতরাজ ইত্যাদি করে গিয়ে ইন্ডিয়ায় বসে আবার তিনি ষড়যন্ত্র করছেন, আমাদের দেশকে অশান্ত করার জন্য। এ অশান্ত করার জন্য যদি পাঁয়তারা আপনারা আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে ৫ আগস্টের চেয়েও বড় কিছু ঘটনা ঘটতে পারে।’

তিনি আরও বলেন, ‘আজকে যারা জেলে আছে, যাদের ধরা হয়েছে, স্বৈরচারের দোসর...। আমি জাতীয়তাবাদী আইনজীবীদের বলতে চাই, বিশেষ করে যারা এ সরকারের আইনজীবী আছেন, যারা জেলে আছে তারা যেন বের হতে না পারে। পুলিশ বাহিনীকে বলতে চাই, প্রত্যেকটি দোসরকে খুঁজে খুঁজে বের করে ধরতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মিসবাহ প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার শামীম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু, ময়মনসিংহ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস মামুন, নিহতদের পরিবারের সদস্য এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত